গাজীপুরের কাপাসিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদায়ের কোপে নিলয় সরকার (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার পাবুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নিলয় সরকার উপজেলার পাবুর এলাকার বাসিন্দা এবং বলখেলা বাজারের ওষুধের ব্যবসায়ী মনির সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক জমি নিয়ে নিলয় সরকারের সঙ্গে তাঁর চাচাতো ভাই রাসেল সরকারের বিরোধ চলে আসছিল। আজ দুপুরে বিরোধপূর্ণ জমি থেকে ঘাস কাটাকে কেন্দ্র করে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে নিলয় বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে রাসেল সরকার তাঁর ওপর হামলা চালান। এ সময় রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন নিলয়কে।
পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় নিলয়কে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কাপাসিয়া থানার তদন্ত কর্মকর্তা মো. জুবায়ের হোসেন বলেন, ‘হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্তদের গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।’
গাজীপুরের কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, ‘দুই চাচাতো ভাইয়ের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ ছিল। জমি থেকে ঘাস কাটাকে কেন্দ্র করে নিলয়কে কোপানোর পর অভিযুক্ত রাসেল পালিয়ে যান।’
আসাদুজ্জামান আরও বলেন, ‘নিহতের মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’