গাজীপুর মহানগরীর পুবাইলের মীরের বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেল রুটের মীরের বাজার লেভেল ক্রসিংয়ে একটি গ্যাস ভর্তি লরির সঙ্গে তিতাস একপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় ট্রেন-লরি সংঘর্ষের ঘটনাটি ঘটে। এ ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
টঙ্গী স্টেশন মাস্টার হালিমুজ্জামান জানান, ঢাকা থেকে তিতাস এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের যাওয়ার উদ্দেশ্যে সন্ধ্যায় টঙ্গী স্টেশন অতিক্রম করে। গাজীপুর মহানগরীর মীরের বাজার এলাকায় লেভেল ক্রসিংয়ে একটি লরি যানজটের কারণে আটকে ছিল। এ সময় দ্রুতগামী ট্রেনটি লরিটিকে ধাক্কা দিয়ে চলে যাওয়ার সময় লরিটি ট্রেনের সামনে রেল লাইনের ওপর আটকে যায়। এতে ঢাকা-চট্টগ্রাম রেল রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তবে তাঁদের অবস্থা গুরুতর নয়।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. : ফেরদাউস বিশ্বাস জানান, দুর্ঘটনা কবলিত লরিটি এলপিজি গ্যাস নিয়ে চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জ অভিমুখে যাচ্ছিল। দুর্ঘটনার সময় লরিটি সামনে ও পেছনে যানজট থাকায় লরিটি রেল লাইনের ওপর আটকে যায়। এ সময় তিতাস এক্সপ্রেস ট্রেনটি মীরের বাজার এলাকায় লেভেল ক্রসিং অতিক্রমকালে লরির সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর থেকে ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
মো. ফেরদাউস বিশ্বাস আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধারকারী দল রওনা হয়েছে। লরিটি রেল লাইনের ওপর থেকে সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে।