গাজীপুরের কালিয়াকৈরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের ঝটিকা মিছিল থেকে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে পাঁচটি পেট্রলবোমা ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলার সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ইবনে সিনা কারখানার সামনে এ ঘটনা ঘটে। আজ বুধবার দুপুরে গ্রেপ্তার পাঁচজনকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল মান্নান (৪৫) ও সাধারণ সম্পাদক বিপ্লব চৌধুরী (৪৮), কালিয়াকৈর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন ইফতি (২১), গাজীপুর জেলা ছাত্রলীগের উপ-ছাত্রবিষয়ক সম্পাদক আশিক হোসেন (২১) এবং কালিয়াকৈর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসেম সিকদার (৪৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে সফিপুর এলাকায় ইবনে সিনা কারখানার সামনে নাশকতার চেষ্টাকালে বিপ্লব চৌধুরী ও আব্দুল মান্নানকে হাতেনাতে আটক করে পুলিশ। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে কালিয়াকৈর পৌরসভার পূর্ব চান্দরা এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে ইফতি, আশিক হোসেন ও হাসেম সিকদারকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাঁচটি পেট্রলবোমা ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়। এ ছাড়া ঘটনাস্থলে নিক্ষেপ করা পেট্রলবোমার ভাঙা কাচের টুকরাও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ১০ দিনের রিমান্ড চেয়ে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।