গাজীপুরের শ্রীপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে সর্বাত্মক সমর্থনের কথা বলেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। সেই সঙ্গে শ্রমিকদের আন্দোলনের সুযোগে কোনো অপশক্তি যেন অস্থিরতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
আজ সোমবার বিকেলে শ্রীপুরের জৈনাবাজারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘গার্মেন্টস শ্রমিক ভাইয়েরা যে আন্দোলন করছেন, সেই আন্দোলনের প্রতি আমাদের সর্বাত্মক সমর্থন আছে। আমরা চাই গার্মেন্টসের শ্রমিক ভাইদের বেতন বাড়ুক। আমরা চাই তাদের জীবনযাত্রার মান বাড়ুক। তারা স্বাচ্ছন্দ্যে জীবন কাটাক। তাদের এই আন্দোলনে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।’
শ্রমিক আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘গার্মেন্টস শ্রমিকের আন্দোলনের সুযোগে তাদের সঙ্গে মিলে-মিশে কোনো অপশক্তি যেন অস্থিরতা তৈরি করতে না পারে।’
শেখ হাসিনা ও তাঁর সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে এমপি বাচ্চু বলেন, ‘পরাজিত অপশক্তি ফ্যাসিবাদী-স্বৈরাচারী শাসক শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার দোসররা আজকে মাথাচাড়া দিয়ে উঠছে। দেশের ভেতর বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।’
জুলাই-আগস্টের আন্দোলন নিয়ে তিনি বলেন, ‘বিগত জুলাই-আগস্ট আন্দোলনে এই দেশের ১৪শ মানুষকে তারা খুন করেছে, ২০ হাজার মানুষকে পঙ্গু করেছে, ৬০ জন শিশুকে হত্যা করেছে। মাদ্রাসার আলেমদেরকে হত্যা করেছে, ছাত্র-জনতাকে হত্যা করেছে। তাদের শাসনামলে তিন হাজার বিএনপি নেতাকর্মীকে হত্যা ও ৭শ নেতাকর্মীকে গুম করা হয়েছে।’
বিডিআর হত্যাকাণ্ড ও হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হত্যার অভিযোগও করেন তিনি। শেখ হাসিনা দেশে ফেরার স্বপ্ন দেখেন উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষ তাঁকে ‘বাংলার পবিত্র মাটিতে জায়গা দেবে না।’
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়ে এমপি বাচ্চু বলেন, ‘যেখানেই সন্ত্রাসীরা অরাজকতার সৃষ্টি করবে, সেখানেই আমাদেরকে প্রতিরোধ করতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে এ দেশে স্বৈরাচারের পুনরুত্থান ঘটবে না, ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটবে না, দুর্নীতিবাজদের পুনরুত্থান ঘটবে না।’
সমাবেশে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্যসচিব খায়রুল কবির আজাদ মণ্ডল, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু জাফর সরকার, বিএনপি নেতা এস এম মাহফুল হাসান হান্নান, শাহজাহান মোড়ল, তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আমিন আকন্দ, সদস্যসচিব শহিদুল্লাহ এবং স্বেচ্ছাসেবক দল নেতা রাশিদুল ইসলাম নয়নসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
এর আগে শ্রীপুর পৌর বিএনপির উদ্যোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মহাসড়ক প্রদক্ষিণ করে। পৌর বিএনপির সদস্যসচিব বিল্লাল হোসেন বেপারী মিছিলে নেতৃত্ব দেন।
মিছিলে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আহসান কবির, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহজাহান সজল, অধ্যাপক নজরুল ইসলাম সেলিম, খন্দকার বাবুল, ইজ্জত আলী ফকির, নঈমুদ্দিন ফকির, মাহমুদুল হাসান আলাল, ফজলুল হক, আশরাফ আলী নিজাম, জসিম উদ্দিন, নস মিয়া প্রধান, উপজেলা যুবদলের আহ্বায়ক সারোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল করিম রিফাত, পৌর ছাত্রদলের সদস্যসচিব আজিজুল হক রাজন, যুবদল নেতা আব্দুর রহিম ও লিটন হাদী।