হোম > সারা দেশ > গাজীপুর

আন্দোলন-ছুটির পর গাজীপুরে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকেরা, এখনো বন্ধ ৩৫ কারখানা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শনিবার সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে দলে দলে কর্মস্থলে ফিরেছেন শ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে টানা আন্দোলন এবং তিন দিনের ছুটি শেষে গাজীপুরের শিল্পকারখানাগুলোতে আবারও উৎপাদন শুরু হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে দলে দলে কর্মস্থলে ফিরেছেন শ্রমিকেরা। অধিকাংশ কারখানায় পুরোদমে উৎপাদন কার্যক্রম চলছে। তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৩৫টি কারখানা আজও চালু হয়নি বলে জানিয়েছে শিল্প পুলিশ।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সূত্রে জানা গেছে, শনিবার গাজীপুরের প্রায় সব কারখানা খোলা রয়েছে। এদিকে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে গাজীপুর শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে কারখানাগুলোতে শ্রমিকদের কর্মস্থলে ফেরার এমন চিত্র দেখা গেছে।

ভিনটেজ ডেনিম কারখানার শ্রমিক অহেদুল ইসলাম বলেন, বুধবার থেকে টানা তিন দিনের ছুটি ছিল। আজ কারখানা খুলেছে। আমরাও স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিতে এসেছি। টানা আন্দোলনে মালিকপক্ষের পাশাপাশি আমাদের মতো শ্রমিকদেরও অনেক ক্ষতি হয়েছে।

সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী । ছবি: আজকের পত্রিকা

সাবলাইম কারখানার নারী শ্রমিক ইতি আক্তার জানান, সকালে বাসার কাজ শেষ করে যথাসময়ে কর্মস্থলে এসেছেন। কয়েক দিন কারখানা বন্ধ থাকায় খারাপ লেগেছে তার। তিনি বলেন, পেটের দায়েই আন্দোলন করতে হয়েছে। বেতন কিছুটা বাড়ায় শ্রমিকদের অনেক উপকার হয়েছে, যা শুধু শ্রমিকেরাই ভালো বুঝতে পারেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস, কোনাবাড়ী, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, সালনা, বাঘের বাজার, মেম্বারবাড়ী, বাংলাবাজার, টঙ্গী, গাজীপুরা, নাওজোর ও শ্রীপুর শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় পুরোদমে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, সকাল থেকে গাজীপুরের কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা ৩৫টি কারখানা আজও বন্ধ রয়েছে। সকাল থেকে কোনো আন্দোলন বা কর্মবিরতির খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য সতর্ক অবস্থানে রয়েছেন।