হোম > সারা দেশ > গাজীপুর

শোক র‍্যালিতে নেতৃত্ব দেওয়া শ্রমিক লীগ নেতাকে ধাওয়া দিয়ে আটকের পর পুলিশে সোপর্দ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

আটক শ্রমিকলীগ নেতা ইমরান হাসান। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে ১৫ আগস্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে শোক র‍্যালিতে নেতৃত্ব দেওয়ায় শ্রমিক লীগ নেতা ইমরান হাসানকে (৩০) ধাওয়া দিয়ে আটকের পর পুলিশে দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। আজ সোমবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়নপুর এলাকায় তাঁকে ধাওয়া দিয়ে আটক করা হয়।

আটক ইমরান হাসান ওরফে ইমন খান উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়নপুর এলাকার মৃত সুলতান উদ্দিন ছুলির ছেলে। তিনি গাজীপুর ইউনিয়ন শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক।

গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. এনামুল হক মনি বলেন, ‘ইমন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অপরাধে কয়েকটি মামলা রয়েছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি। এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে মিছিল মিটিং করেন তিনি। আজ দুপুরে তাঁকে ধাওয়া দিয়ে আটক করা হয়। পরে পুলিশে খবর দিলে তাঁকে থানায় নিয়ে যায়।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ‘ইমন নামের একজনকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। তিনি বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামি—এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলাগুলো যাচাই-বাছাই হচ্ছে।’