হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে ভোলার দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ভোলা প্রতিনিধি

গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা। ছবি: সংগৃহীত

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গাজীপুরের বাসন থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও ঠিকাদার কামাল কাজী (৫৪) এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ও গঙ্গাপুর ইউনিয়নের যুবলীগ নেতা মো. রাকিবুল ইসলাম রকিব (৪৭)।

বাসন থানার পুলিশ জানায়, গ্রেপ্তার দুই নেতা কামাল কাজী ও রকিব গাজীপুরের বাসন থানার পেছনে মৃত্তিকা টাওয়ার নামের এক বিল্ডিংয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করার লক্ষ্যে গোপন মিটিং করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বাসন থানা-পুলিশ গতকাল রাতে ওই বিল্ডিংয়ে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

খবরের সত্যতা নিশ্চিত করে বাসন থানার ওসি মো. হারুন অর রশিদ আজ শুক্রবার সকালে আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। এরপর তাঁদের আদালতে পাঠানো হবে।