হোম > সারা দেশ > গাজীপুর

কালিয়াকৈরে মহাসড়কে পৃথক দুর্ঘটনা, নিহত ৩

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি 

দুর্ঘটনার শিকার ট্রাক। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অল্প সময়ের ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। এ সময় গরুবোঝাই একটি পিকআপের পাঁচটি গরুও মারা যায়।

আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার গোয়ালবাথান এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার আব্দুর রশিদের ছেলে আলমগীর হোসেন (৩০) এবং একই এলাকার খোরশেদ মিয়ার ছেলে হানিফ আলী (৪৩)। এ ছাড়া প্রথম দুর্ঘটনায় নিহত অটোরিকশাচালকের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ শনিবার বিকেলে কালিয়াকৈর বাজার থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা চন্দ্রা ত্রিমোড়ের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি গোয়ালবাথান এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পৌঁছালে পেছন থেকে একটি প্রাইভেটকার সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালক ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও প্রাইভেটকারটি জব্দ করে পুলিশ।

এ দুর্ঘটনার কারণে মহাসড়কে যানবাহন ধীরগতিতে চলাচল করছিল। এর কিছুক্ষণ পর গরুবোঝাই একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে যাত্রীবাহী শ্যামলী পরিবহনের একটি বাসকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক আলমগীর ও গরু ব্যবসায়ী হানিফ নিহত হন। দুর্ঘটনায় ট্রাকে থাকা পাঁচটি গরুও মারা যায়।

খবর পেয়ে নাওজোড় হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করেন। পরে তাদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।