‘আমাদের কি এই বেতনে সংসার চলবে? আপনার সংসার চলে এই টাকায়? সব জিনিসপত্রের দাম বেশি। চাল, ডাল, তেল এমনকি গ্যাস সিলিন্ডারের দামও আকাশছোঁয়া। বাড়িওয়ালা ভাড়া বাড়িয়ে বহুগুণ করেছেন, বিদ্যুৎ বিলও বেশি। তাহলে এই টাকায় আমাদের সংসার চলবে কী করে?’ নতুন ঘোষিত নিম্নতম মজুরি নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে এভাবেই ক্ষোভ প্রকাশ করেন পোশাক শ্রমিক তামান্না।
আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে শ্রীপুর পৌর শহরের আনসার রোডের মাথায় এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় তামান্নার। তিনি শ্রীপুরের মেঘনা গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন। নেত্রকোনার বাসিন্দা তামান্না শ্রীপুর পৌর শহরে একটি টিনশেড ঘর ভাড়া নিয়ে থাকেন।
স্বামী ছেড়ে যাওয়ার পর দুই ছেলে, এক মেয়ে ও গ্রামের বাড়িতে থাকা অসুস্থ মায়ের ভরণপোষণের একমাত্র দায়িত্ব তামান্নার কাঁধে। হতাশ কণ্ঠে তিনি বলেন, ‘আমরা গরিব মানুষ, দুমুঠো ডাল-ভাতেই চলে। কিন্তু বর্তমান বাজারে ১৭ হাজার টাকা দিয়ে কী হয়? চারজনের সংসার আর অসুস্থ মা— সবাই আমার দিকে চেয়ে থাকে।’
একই কারখানার অপর শ্রমিক শরিফা আক্তার বলেন, ‘এই বেতন আমরা কেন মানব? সকালে কারখানায় এসে জানতে পারলাম তিন দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। কর্মকর্তাদের সঙ্গে কথা বললে তাঁরা জানান, কারখানা খোলার পর বিষয়টি দেখবেন।’
শ্রমিক জহুরা আক্তার বলেন, ‘বর্তমান সময়ে ১৭ হাজার কোনো টাকা না। শ্রমিকদের পক্ষ থেকে ২২ হাজার টাকা চাওয়া হয়েছিল, মালিকপক্ষ তাও মানেনি। আমরা তো সড়ক অবরোধ বা আন্দোলন করতে চাই না, শুধু পরিশ্রমের ন্যায্য মজুরি চাই।’
উল্লেখ্য, ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গত এক মাস ধরে আন্দোলন করছিলেন পোশাক শ্রমিকেরা। আন্দোলনের মুখে গত ১ নভেম্বর সরকার পোশাকশিল্পের জন্য নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। দীর্ঘ আলোচনা ও ভোটাভুটির পর আজ বুধবার ভোরে বোর্ড শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্ত নেয়, যা আগামী ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।