হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে শিশু মুসা হত্যা মামলায় প্রতিবেশীর মৃত্যুদণ্ড

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে শিশু মুসা (৫) হত্যার দায়ে মহির উদ্দিন ওরফে মহর নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ওই ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত মহির উদ্দিন কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বাসিন্দা।

আজ সোমবার দুপুরে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলমগীর আল মামুন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগার থেকে এনে আদালতে হাজির করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. জাকিরুল ইসলাম। তিনি বলেন, শিশুটি একটি মাদ্রাসায় পড়াশোনা করত। সে বসতবাড়ির সামনে খেলাধুলা করছিল। এ সময় তাকে কালামপুর নামের একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন অভিযুক্ত ব্যক্তি। এতে রক্তক্ষরণ শুরু হলে শিশুর মুখে স্কচটেপ পেঁচিয়ে শ্বাস রোধ করে মৃত্যু নিশ্চিত করা হয়।

মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালের ২৬ জুন কালিয়াকৈর পৌরসভার কালামপুর উত্তরপাড়া এলাকা থেকে নিখোঁজ হয় শিশু মুসা। নিখোঁজের পরদিন প্রতিবেশী শাহজাহানের বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদনে শিশুটির গলায় ও মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়। এই হত্যাকাণ্ডের ঘটনায় মুসার বাবা মো. শামীম মীর বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ একমাত্র আসামি মহির উদ্দিনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। পরে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেন।