গাজীপুরের কাপাসিয়ায় শুভেচ্ছা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের প্রায় তিন কোটি টাকা নিয়ে সভাপতি আবুল হাসেম উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা সমবায় কার্যালয়। জমা টাকা ফেরত পেতে সমিতির সদস্যরা প্রতিদিন কার্যালয়ের সামনে অপেক্ষা করছেন।
‘কোটি টাকা নিয়ে সমবায় সমিতির সভাপতির উধাও হওয়ার অভিযোগ’ শিরোনামে দৈনিক আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর সমবায় কার্যালয়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন প্রতিবেদনের ভিত্তিতে গতকাল বুধবার তদন্ত কমিটি গঠন করা হয়।
গাজীপুর জেলা সমবায় কর্মকর্তা আরিফা সুলতানা শিপা বলেন, এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগের দিনের পরিদর্শন প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটির সদস্যরা হলেন জেলা সমবায় কার্যালয়ের উপসহকারী নিবন্ধক মনিরা আখতার, পরিদর্শক মুহাম্মদ সাইফুল ইসলাম ও সহকারী পরিদর্শক রায়হান উদ্দিন।
সমবায় কার্যালয় সূত্রে জানা যায়, ২০১০ সালে ১০৯৮ নম্বর নিবন্ধনের মাধ্যমে সমিতিটির কার্যক্রম শুরু হয়। পরে কাপাসিয়ার দুর্গাপুর ইউনিয়নসহ আশপাশের সাতটি ইউনিয়নের অনেক মানুষকে সদস্য করা হয়। গত ১৭ সেপ্টেম্বর কার্যালয়ে তালা দিয়ে চলে যান সমিতির সভাপতি আবুল হাসেম। এরপর থেকে কার্যালয়টি বন্ধ রয়েছে।
আবুল হাসেম (৪৬) কাপাসিয়া থানার দড়িমেরুন গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে।
সমিতির সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, গত বছর সমিতিটির সদস্য ছিলেন ৪৯৬ জন। বর্তমানে সদস্যসংখ্যা প্রায় এক হাজার। ১৫ শতাংশ মুনাফা দেওয়ার কথা বলায় অনেকে বিভিন্ন ব্যাংক থেকে টাকা তুলে সমিতিতে জমা রেখেছেন। সদস্যদের দাবি, সমিতিটির বর্তমান মূলধন প্রায় ১০ কোটি টাকা।
এরই মধ্যে দুই সদস্য থানায় ও আদালতে মামলা করেছেন। জমা টাকা ফেরত পেতে প্রতিদিন সদস্যরা কার্যালয়ের সামনে এসে অপেক্ষা করছেন।
গত সোমবার বিকেলে কাপাসিয়ার রাওনাট বাজারে সমিতির কার্যালয়ে গিয়ে দেখা যায়, তিনতলা ভবনটির নিচতলার দোকানপাট এবং ওপরের তলায় থাকা সমিতির কার্যালয় তালাবদ্ধ।
রাওনাট বাজার সমিতির সভাপতি সফিকুল আলম বলেন, ‘আবুল হাসেম পালিয়ে গেছেন। বর্তমানে সমিতির সদস্যরা টাকার জন্য পাগলের মতো ঘুরছেন। বহু নারী-পুরুষ বাজারে এসে সারাদিন সমিতির সামনে অপেক্ষা করছেন জীবনের শেষ সম্বলটুকু উদ্ধারের জন্য।’