হোম > সারা দেশ > গাজীপুর

ঘুষের নতুন অভিযোগে বিদ্ধ কালীগঞ্জ থানা-পুলিশ, শাস্তির দাবিতে ফুঁসছে স্থানীয়রা

মো. রিয়াদ হোসাইন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জ থানা-পুলিশের বিরুদ্ধে পুনরায় অনৈতিকভাবে অর্থ দাবি করার অভিযোগ উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। মাত্র কিছুদিন আগে এক গরু ব্যবসায়ীর কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে এক উপপরিদর্শককে (এসআই) বদলি করার রেশ কাটতে না কাটতেই আবারও পুলিশের বিরুদ্ধে এমন অনিয়মের তথ্য সামনে এল।

আজ শুক্রবার সকালে শিমুল নামের এক ভুক্তভোগী সামাজিক যোগাযোগমাধ্যমে কালীগঞ্জ থানার কম্পিউটার অপারেটর কনস্টেবল রাসেল মিয়ার বিরুদ্ধে এই অনৈতিক অর্থ দাবির অভিযোগ তোলেন। ভুক্তভোগী জানান, কিছুদিন আগে তিনি থানার সামনে নাজমুল নামের এক ব্যক্তির কম্পিউটার কম্পোজের দোকান থেকে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করেন। তিন দিন পর আবেদনের অবস্থা পরীক্ষা করতে গিয়ে জানতে পারেন, সেটি বাতিল হয়েছে। দোকানের মালিক নাজমুলের পরামর্শে তিনি পুনরায় আবেদন করেন। এর দুই-তিন দিন পর থানায় কর্তব্যরত অপারেটর কনস্টেবল রাসেলের কাছে গেলে তিনি জানান যে, শিমুলের কাগজপত্রে ভুল রয়েছে। শিমুল এর প্রতিকার জানতে চাইলে কনস্টেবল রাসেল ১ হাজার ৫০০ টাকা দাবি করেন এবং বলেন, এই টাকা দিলে তিনি সবকিছু ঠিক করে দেবেন।

কাগজপত্র সংশোধনের নামে পুলিশের এমন প্রকাশ্য অর্থ দাবির বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মাঝে পুলিশের প্রতি চরম অনাস্থা তৈরি হয়।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে কনস্টেবল রাসেলের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করে কিছুক্ষণ হোল্ড রেখে কেটে দেন। পরে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি আর ফোন ধরেননি।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, মাত্র কিছুদিন আগে থানায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, যার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত মোহাম্মদ মিজানুর রহমানকে বদলিও করা হয়েছিল। এই শাস্তি দেখেও যদি কেউ শিক্ষা গ্রহণ না করে পুনরায় অনৈতিক পথ অবলম্বন করে, তবে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে স্থানীয় এক গরু ব্যবসায়ীকে ভয়ভীতি দেখিয়ে ১০ হাজার টাকা আদায়ের অভিযোগে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মিজানুর রহমানকে থানা থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অনিয়ম ও দুর্নীতির বিপরীতে শুধু বদলির মতো লঘু শাস্তির কারণেই বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। পুলিশের ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে বদলি নয়, বরং অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক বিভাগীয় ও আইনি শাস্তির জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।

শ্রীপুরে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

এক রাতে কবরস্থানের ৮ মানবকঙ্কাল চুরি, এলাকায় আতঙ্ক

মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে নিখোঁজ, ১৫ দিন পর বৃদ্ধের কঙ্কাল উদ্ধার

গাজীপুরে বিশেষ অভিযানে দুই বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কারখানা শ্রমিককে গণপিটুনি

টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে বাধা, সাউন্ড গ্রেনেড ফাটিয়ে ছত্রভঙ্গের পর গ্রেপ্তার ২০

শ্রীপুরে ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

শ্রীপুরে এক রাতে শিয়ালের কামড়ে আহত ১৪, এলাকায় আতঙ্ক

গাজীপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ৮ দোকান ও এক বসতবাড়ি

শিক্ষাকে ধ্বংস করতেই বিগত সরকার প্রকল্প নিয়েছিল: শিক্ষামন্ত্রী