হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে এনসিপির বিক্ষোভে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির দাবি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরে আট দফা দাবিতে জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

আজ শুক্রবার বিকেলে গাজীপুরে অনুষ্ঠিত সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শেখ হাসিনার বাংলাদেশে আসার প্রয়োজন নেই। ভারত থেকে ফিরিয়ে এনে বাংলার মাটিতেই তাঁর ফাঁসি কার্যকর করতে হবে।

বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিলে লাখো-কোটি মানুষ তা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

বিএনপি সরকারের উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, যেকোনো সময় জনগণ সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে প্রস্তুত।

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি শ্রমিকদের রক্তের সঙ্গে বেইমানি না করার আহ্বান জানান তিনি। মালিকপক্ষের সঙ্গে আলোচনার বিষয়েও সমালোচনা করেন এনসিপির এ নেতা।

সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম শ্রমিকদের সন্তানদের চিকিৎসা ও শিক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি অনুরোধ জানান।

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব করতে চাইলে দিল্লি সরকারকে আগে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে বলেও দাবি করেন সারজিস আলম।

এর আগে গাজীপুরের ভোগড়া বাইপাস মোড় থেকে আট দফা দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চান্দনা চৌরাস্তায় গিয়ে শেষ হয়। মিছিলে দলীয় নেতা-কর্মীরা অংশ নেন।

সমাবেশে এনসিপির কেন্দ্রীয় নেতারা বলেন, গাজীপুরের মাটিতে আওয়ামী লীগের কোনো স্থান হবে না। ডিসেম্বরের শুরু থেকে মহানগরের প্রতিটি পাড়া-মহল্লায় নেতা-কর্মীরা পাহারা দেবেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রবেশ ও অবস্থান প্রতিহত করার ঘোষণাও দেন এনসিপির নেতারা। সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ও সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে কোথাও দেখলে পুলিশে দেওয়ার আহ্বান জানান তাঁরা।

সমাবেশে উপস্থিত ছিলেন রাজনৈতিক পর্ষদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীরা।