হোম > সারা দেশ > গাজীপুর

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যান চলাচল বন্ধ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

গাজীপুরের শ্রীপুরের জৈনাবাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরের জৈনাবাজারে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওশিন স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বিক্ষোভের কারণে আধা ঘণ্টা মহাসড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কারখানামালিক পক্ষের আলোচনার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকেরা। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনরত শ্রমিকেরা জানান, গত জুলাই মাসের বকেয়া বেতনের দাবি জানিয়ে আসছিলেন তাঁরা। কারখানা কর্তৃপক্ষ কয়েকবার আশ্বাস দিলেও বেতন পরিশোধ করেনি। এ ছাড়া কারখানার কয়েকটি বিভাগেও ২-৩ মাসের বেতন বকেয়া রয়েছে। আজ সোমবার সকালে কারখানায় কাজে যোগ দিয়ে বেতনের দাবি জানান শ্রমিকেরা। সারাদিনই বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষায় থেকে বেতন না পেয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা। বিক্ষোভে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় দুই পাশে যানজট তৈরি হয়। খবর পেয়ে কারখানা কর্তৃপক্ষ ও পুলিশের সঙ্গে আলোচনায় বেতন পরিশোধের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক জাকির হোসেন জানান, আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে। বকেয়া বেতনের বিষয়ে মালিক পক্ষের সঙ্গে আলোচনা চলছে।