হোম > সারা দেশ > গাজীপুর

পোশাক খাত: আশুলিয়ায় বিক্ষোভ, গাজীপুর শান্ত

• আশুলিয়ায় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া।

• সেখানে গতকাল ৮০টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল।

• তবে গাজীপুরের ৮০ শতাংশ কারখানা খোলা।

• মজুরি বোর্ডে বেতন বাড়বে, আশায় শ্রমিকেরা।

নিজস্ব প্রতিবেদক, সাভার ও শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

ফাইল ছবি

ঢাকার সাভারের আশুলিয়ায় পোশাকশ্রমিকেরা গতকাল শনিবারও বিক্ষোভ করেছেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। তবে গাজীপুর মহানগর ও জেলার কোথাও গতকাল শ্রমিকদের আন্দোলনের খবর পাওয়া যায়নি।

আশুলিয়ার ঘটনায় শ্রমিক ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, আশুলিয়ার নরসিংহপুর এলাকার হা-মীম ও শারমিন গ্রুপের শ্রমিকদের প্রতিদিন সকাল সাতটার মধ্যে কর্মস্থলে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল শ্রমিকেরা নির্ধারিত সময়ে কারখানায় উপস্থিত হয়ে হাজিরা নিশ্চিত করে কারখানা থেকে বের হয়ে যান। ওই দুই কারখানার শ্রমিকেরা বের হয়ে যাওয়ার পর আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকেরাও কাজ না করে কর্মস্থল ত্যাগ করেন। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কারখানাগুলোতে গতকালের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

পরে পোশাকশ্রমিকেরা বিক্ষোভের চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। তখন পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শনিবার অন্তত ৮০টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ ছিল। এর মধ্যে শ্রম আইনের ১৩(১) ধারায় ‘কাজ নেই, বেতন নেই’ ভিত্তিতে ১১টি পোশাক কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। এ ছাড়া সাভার ও আশুলিয়ার বাকি সব পোশাক কারখানা চালু ছিল। সেসব কারখানার শ্রমিকেরা যথারীতি কাজ করেছেন।

এদিকে গাজীপুরের শিল্পাঞ্চল আপাতত শান্ত রয়েছে। শ্রমিকেরা মনে করছেন, মজুরি বোর্ডের আলোচনার মাধ্যমে তাঁদের বেতন বাড়বে। তাই গতকাল গাজীপুর মহানগর ও জেলার কোথাও মজুরি বৃদ্ধির দাবিতে নতুন করে আন্দোলন বা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলের প্রায় ৮০ শতাংশ পোশাক কারখানা খোলা রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় শ্রমিকেরা সকাল থেকে কারখানায় প্রবেশ করছেন। চান্দনা চৌরাস্তা থেকে শিববাড়ী সড়কের বেশির ভাগ কারখানা খোলা রয়েছে।

শ্রীপুরের পোশাকশ্রমিক মনির হোসেন বলেন, ‘আমাদের আন্দোলন করার ইচ্ছা নেই। তবে বেতন বাড়ানোর দাবির সঙ্গে আমরা একমত। একটা কথা বলি, কারখানায় এসে কাজ না করে বাড়ি ফিরে যেতে খারাপ লাগে। কারণ, মাস শেষে আমাদের বেতন পেতে হবে। তাই যত দ্রুত সম্ভব বেতন কত বাড়বে, তা আমাদের জানিয়ে দিলে ভালো হয়। শুনছি, মজুরি বোর্ড কাজ করছে। আমরাও অপেক্ষায় আছি, দেখি কত বেতন বাড়ে।’

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্ত রয়েছে। তিনি বলেন, শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। আজ গাজীপুরের প্রায় ৮০ শতাংশ পোশাক কারখানা খোলা রয়েছে।