গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে পিয়ার আলী কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রিজভীর (২৪) বিরুদ্ধে। এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।
রিজভী শ্রীপুরের মাওনা ইউনিয়নের সিঙ্গারদিঘী গ্রামের মনির হোসেনের ছেলে। এ ঘটনায় রিজভী, তাঁর বাবা মনির হোসেন ও মা নিলুফা আক্তারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই কলেজছাত্রীর পরিবারের সদস্যরা।
অভিযোগে বলা হয়েছে, পিয়ার আলী কলেজের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীকে কলেজে যাতায়াতের পথে প্রায়ই বিরক্ত করতেন রিজভী। বিষয়টি পরিবারকে জানালে তাঁরা রিজভীকে সতর্ক করেন। পরে তাঁর মা-বাবাকেও বিষয়টি জানানো হয়। অভিযোগ অনুযায়ী, তাঁরা ছাত্রীকে রিজভীর সঙ্গে বিয়ের প্রস্তাব দেন। তবে ছাত্রীর পরিবার এতে রাজি হয়নি।
অভিযোগে আরও বলা হয়, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের পর রিজভী ক্ষুব্ধ হন। গতকাল সোমবার সকালে কলেজছাত্রী বাড়ির সামনে একটি দোকানে কেনাকাটা করতে গেলে তাঁকে জোর করে একটি গাড়িতে তুলে নিয়ে যান রিজভী ও তাঁর সহযোগীরা।
ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গতকালই গাজীপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সরকার মো. রাকিব হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে রিজভীকে পিয়ার আলী কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়।
এ বিষয়ে রিজভীর বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ হোসেন বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ ওঠায় রিজভীকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে।
মাওনা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. শাহিনুর ইসলাম বলেন, গতকাল অভিযোগ পাওয়ার পর কলেজছাত্রীর স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন বাড়িতে অভিযান চালানো হয়েছে। তবে তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি। তাঁকে উদ্ধারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।