হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে কৃষক দলের কার্যালয়ে গুলি, আহত সভাপতি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

গাজীপুরের শ্রীপুরে কৃষক দল নেতার কার্যালয়ে গুলি। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে কৃষক দলের এক স্থানীয় নেতার কার্যালয় লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের থাই গ্লাস ভেঙে ছিটকে গিয়ে ওই নেতা আহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে আরএকে সিরামিকস কারখানার বিপরীত পাশে এ ঘটনা ঘটে।

আহত নেতার নাম জর্জ মিয়া (৪৫)। তিনি ফরিদপুর গ্রামের জনাব আলীর ছেলে এবং গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি।

স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে নিজের কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করছিলেন জর্জ মিয়া। এ সময় মোটরসাইকেলে করে দুই দুর্বৃত্ত এসে ভবনটি লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। গুলিতে অফিসের থাই গ্লাস ভেঙে তাঁর শরীরে বিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।