হোম > সারা দেশ > গাজীপুর

অটোরিকশা ছিনতাইয়ের সময় চালককে হত্যা, ছেলের মৃত্যুর খবরে মায়েরও মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

গতকাল রাতে মির্জানগর বালিকা উচ্চবিদ্যালয়সংলগ্ন সড়কের পাশ থেকে আতাউর রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। ছবি: সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় অটোরিকশা ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে আতাউর রহমান আতা (৫০) নামে এক চালককে হত্যার অভিযোগ উঠেছে। ছেলের মৃত্যুর খবর শুনে তাঁর বৃদ্ধ মা জহুরা খাতুনও মারা গেছেন বলে দাবি করেছেন স্বজনেরা। একই পরিবারের দুই সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার সনমানিয়া ইউনিয়নের মির্জানগর শিমুলতলী এলাকার মির্জানগর বালিকা উচ্চবিদ্যালয়সংলগ্ন সড়কের পাশ থেকে আতাউর রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আতাউর রহমান উপজেলার ঘাগটিয়া চালার বাটনা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।

কাপাসিয়া আড়াল বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মির্জানগর বালিকা উচ্চবিদ্যালয়ের পাশের শিমুলতলী সড়কের একটি ফাঁকা জায়গা থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের স্বজন মাসুদ রানা বলেন, আতাউর রহমান অত্যন্ত ধার্মিক ও সৎ মানুষ ছিলেন। তাঁর ধারণা, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে ভাড়ার কথা বলে আতাউরকে নির্জন স্থানে নিয়ে গিয়ে হত্যা করে অটোরিকশাটি নিয়ে গেছে দুর্বৃত্তরা। মাসুদ রানা আরও বলেন, ছেলের মৃত্যুর খবর শুনে তাঁর বৃদ্ধ মা জহুরা খাতুন মারা গেছেন। বাড়িতে পরিবারের দুই সদস্যের মরদেহ দাফনের প্রস্তুতি চলছে। তাঁদের জন্য দুটি কবরও খনন করা হয়েছে। এ ঘটনায় রাসেলসহ চারজনকে পুলিশ আটক করেছে বলেও দাবি করেন তিনি।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনার রহস্য উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চারজনকে আটকের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, বিষয়টি পরে জানানো হবে। ছেলের মৃত্যুর খবরে মায়ের মৃত্যুর বিষয়ে তিনি অবগত নন বলেও জানান।