হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে অতিরিক্ত পুলিশ সুপার আহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রমিকদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার শেল ছুড়ে ছত্রভঙ্গ করে। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের সময় শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মো. শফিকুল ইসলামসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় এ ঘটনা ঘটে।

শ্রমিকদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ছুঁড়ে ছত্রভঙ্গ করে। ছবি: আজকের পত্রিকা

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর এলাকায় অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এতে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম আহত হন। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শ্রমিকদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ছুঁড়ে ছত্রভঙ্গ করে। ছবি: আজকের পত্রিকা

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেলা ১১টার দিকে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার শেল ছুড়ে তাঁদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে। শ্রমিকদের ছোড়া ইটপাটকেলে পুলিশের সদস্য আহত হয়েছেন।

এদিকে চলমান অস্থিরতার জেরে গাজীপুরের কোনাবাড়ি, পল্লী বিদ্যুৎসহ আশপাশের কয়েকটি এলাকার কারখানায় আজ নতুন করে ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া সদর উপজেলার বাঘের বাজার ও ভবানীপুর এবং শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি, বৈরাগীর চালা, কেওয়াসহ বেশ কিছু কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।