হোম > সারা দেশ > গাজীপুর

কালিয়াকৈরে ডাকাত ধরতে গিয়ে পুলিশ আহত, গ্রেপ্তার ২

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে। অভিযানের সময় পুলিশের উপপরিদর্শক (এসআই) তাইফুর আহত হন। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন কালিয়াকৈর উপজেলার জিন্নাত আলীর ছেলে রুবেল (৩১) এবং বগুড়ার নন্দীগ্রাম উপজেলার জামশেদ প্রামাণিকের ছেলে তুহিন (৩৩)।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় পুলিশের একটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করেন। এ সময় কয়েকজন দৌড়ে পালিয়ে গেলেও রুবেল ও তুহিনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশের ভাষ্য, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। দুপুরে ডাকাতির মামলায় তাঁদের গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, দেশীয় অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।