গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ রোববার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গী নদীবন্দর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্ররা হলো জামালপুরের ইসলামপুর উপজেলার বেনওয়ারচর এলাকার আনিসুল হকের ছেলে শামীম (১৩) ও নেত্রকোনার আটপাড়া উপজেলার সিরামপাশা এলাকার সাইফুল ইসলামের ছেলে আফনান (১৩)। তারা দুজনই টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শামীম ও আফনান টঙ্গীর বউবাজার এলাকায় পৃথক দুটি ভাড়া বাসায় বসবাস করত।
পুলিশ জানায়, আজ সকালে শামীম, আফনান ও শিপন নামের তিন শিক্ষার্থী স্থানীয় একটি মাঠে খেলাধুলা শেষে তুরাগ নদে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে তারা পানির প্রবল স্রোতে তলিয়ে যেতে থাকে। এ সময় তাদের সঙ্গে থাকা শিপন নামের অপর এক শিক্ষার্থী সাঁতরে তীরে উঠে প্রাণে রক্ষা পায়। পরে ঘটনাটি স্থানীয় লোকজন দেখতে পেয়ে জাতীয় জরুরি পরিসেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানায়।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টার পর ডুবুরি দল শামীম ও আফনানের মরদেহ উদ্ধার করে।
টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।