হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে ফেসবুক পোস্ট ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

ফেনী প্রতিনিধি

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত একজন। ছবি: আজকের পত্রিকা

ফেনীর দাগনভূঞায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় পৌর শহরের এফটিসি মার্কেটের সামনে ও আশপাশের কয়েকটি স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর ছোট ভাই ও উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন এবং সাবেক জেলা ছাত্রদল নেতা কাজী জামশেদুর রহমান ফটিকের অনুসারী বলে জানা গেছে। আহতদের মধ্যে গুরুতর দুজনকে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আহত ব্যক্তিরা হলেন ইমাম হোসেন মিল্টন (৩৮), কাজী মোস্তাফিজুর রহমান পলাশ (৪৫), মোজাম্মেল হক মাসুদ (৩৯), সোহেল রানা জুয়েল (৪০), মো. ইউছুফ (৩৬), মো. মোস্তফা হাসান (৩২), আল মাহমুদ হাসান (৩২), ইসমাইল হোসেন ছুট্টু মিয়া (৪৫), মো. ইব্রাহিম, জাহেদুল ইসলাম (২১), কামরুল হাসান (২২), রিয়াদ (২১), আরিফুল ইসলাম (২৭), এমদাদুল হক শামীম (১৮) ও মো. তোফায়েল (৩০)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জেলা যুবদলের সাবেক সদস্য মোজাম্মেল হক মাসুদ দুই দিন আগে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। ওই পোস্টে বিভিন্ন মন্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এফটিসি মার্কেট এলাকায় সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে সরিয়ে দেয়।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক একেএম সাইমুন হক রাজীব বলেন, মোজাম্মেল হক মাসুদ দুই দিন আগে ফেসবুকে কারও নাম উল্লেখ না করে একটি পোস্ট দেন। ওই পোস্ট নিয়ে মিল্টন, মাসুদ ও জাবেদসহ আমরা কয়েকজন এফটিসি মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে আলোচনা করছিলাম। এ সময় কাজী মোস্তাফিজুর রহমান পলাশের নেতৃত্বে একদল লোক মাসুদের ওপর চড়াও হয়। পরে মিল্টনসহ অন্যরা প্রতিবাদ করলে তাঁদের ওপর হামলা চালানো হয়। এতে মিল্টনের চোখে গুরুতর আঘাত লাগে।

অন্যদিকে জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক বলেন, গত শনিবার বিকেলে আমার কার্যালয়ে হামলার পরিকল্পনা করে সড়কে হেলমেটধারীদের নামানো হয়েছিল। আজকের হামলাও ওই ঘটনার ধারাবাহিকতা। হামলায় যুবদল নেতা কাজী মোস্তাফিজুর রহমান পলাশসহ আমার পক্ষের অনেক নেতাকর্মী আহত হয়েছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

পোস্টে যা লিখেছিলেন মাসুদ

দুদিন আগে নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে মোজাম্মেল হক মাসুদ লেখেন, ‘হেতে নিজে করে রাজমিস্ত্রী, আবার মাঝে মাঝে গাছ কেটে ও সংসার চালায়। এইটা ভালো কাজ, ছেলে কাজ-কাম করে খায়। কিন্তু হেতের একটা অফিস আছে, আবার ওই অফিসে এসিও আছে, এইটা মানতে কষ্ট লাগে আমার। তাহলে বাজারে চা দোকানে গিয়ে ২০০, ৩০০ করে টাকা তুলে ওই টাকা কই যায়? কোন বেডাগা গাছ কেটে তার অফিসে এসি লাগায় আপনারা বলবেন? হেতের লগে একজন চালায় সিএনজি, তার এখন প্রাইভেটকারও আছে, একজন মাছের আড়তে কাজ-কাম করতো, তার এখন হুন্ডাও আছে, আরেকজন মানুষের বাড়িতে যাই নারিকেল, সুপারি, হাঁস-মোরগ চুরি করতো, তারও এখন হুন্ডা আছে। হেতে আকবর সাহেবের কাছে কতবার মাফ চাইছে আমার সামনে তা আমি আর ডিপলু ভাই জানি। বাকি কথা অন্য সময় বলব।’