হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে এক রাতে রেললাইন, ভূমি অফিস-ডাকঘরে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ

ফেনী প্রতিনিধি

ফেনীতে এক রাতে রেলপথ, সরকারি কার্যালয় ও প্রাইভেটকারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

ফেনীতে এক রাতেই ঢাকা-চট্টগ্রাম রেলপথে অগ্নিসংযোগ, ভূমি অফিস ও ডাকঘরের পরিত্যক্ত কক্ষে আগুন, একটি প্রাইভেটকারে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত থেকে আজ রোববার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত সোয়া ১০টার দিকে ফেনী শহরের ট্রাংক রোডের দোয়েল চত্বরে ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে ঘটনাগুলোর শুরু হয়। রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কালিদহ এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে আগুন দেওয়া হয়। রাত ১টার দিকে সোনাগাজীর মতিগঞ্জ ভূমি অফিসের স্থায়ী আদায় শিবির কার্যালয়ের ফটকে আগুন দেওয়া হয়। একই রাতে কাজীরহাট বাজারে একটি প্রাইভেটকারেও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া শহরের মিজান রোডে ফেনী প্রধান ডাকঘরের একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেওয়া হয়।

কালিদহ এলাকায় রেলপথে আগুন দেওয়ার বিষয়ে ফেনী রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মো. হারুন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে রেলপথে আগুনের একটি ভিডিও তাঁর নজরে এসেছে। পরে খোঁজখবর নিয়েছেন। তবে ট্রেন চলাচলে কোনো সমস্যা হয়নি।

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাসুদুর রহমান বলেন, রেললাইনে আগুন দেওয়ার বিষয়ে আমি অবগত নই। রাত ৩টা পর্যন্ত আমি সহদেবপুর এলাকায় দায়িত্ব পালন করেছি।

মতিগঞ্জ ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা আমান উল্লাহ বলেন, কার্যালয়ের ফটক তালাবদ্ধ ছিল। রাস্তা থেকে সেখানে আগুন দেওয়া হয়। ভেতরে কেউ ছিলেন না। পরে স্থানীয়রা আগুন নেভান। এতে একটি বালতি পুড়ে গেছে, অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সোনাগাজী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা নুরুল আলম বলেন, পুলিশের মাধ্যমে খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। তবে সেখানে গিয়ে আগুন দেখতে পাননি। ফটকে দেওয়া আগুন আগেই নিভে গিয়েছিল।

ফেনীতে এক রাতে রেলপথ, সরকারি কার্যালয় ও প্রাইভেটকারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল উদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে একটি ব্যানারের অংশ পাওয়া গেছে। এ ঘটনায় কর্তৃপক্ষ এখনো কোনো অভিযোগ দেয়নি।

এদিকে রাত সোয়া ১০টার দিকে দোয়েল চত্বরে ককটেল বিস্ফোরণের পর রাত ১১টা পর্যন্ত সেখানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অবস্থান করেন। ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

ফেনী শহরের মিজান রোডে প্রধান ডাকঘরের একটি পরিত্যক্ত কক্ষেও আগুন দেওয়া হয়। এতে চেয়ার-টেবিলসহ পুরোনো কিছু সরঞ্জাম পুড়ে যায়। ডাকঘরের পোস্টমাস্টার মো. কামাল হোসেন বলেন, গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে। এতে পুরোনো কিছু জিনিসপত্র পুড়লেও চলমান কার্যক্রমের কোনো নথি বা কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়নি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

এর আগে গতকাল শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পল্লী বিদ্যুতের বিপরীতে পূর্বচন্দ্রপুর মেটালের সামনে পার্কিং করে রাখা একটি ট্রাকে আগুন দেওয়া হয়। এর আগের দিন শুক্রবার দিবাগত রাতে ফেনী শহরের মিজান রোডে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়েও পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইয়েদ মো. আনোয়ার খালেদ বলেন, রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে দুই থেকে তিনজন ব্যক্তি নির্বাচন কার্যালয়ের প্রধান ফটকে পেট্রলবোমা নিক্ষেপ করেন। এতে ভবনের তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

ফেনী মডেল থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, ডাকঘরের পেছনের দিকে একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেওয়া হয়েছে। সেখানে সিসিটিভি ক্যামেরা নেই। কর্তৃপক্ষ লিখিত অভিযোগ করেনি। তবে নিরাপত্তা জোরদারের কথা বলেছে। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আগুনের ঘটনাটি তিন-চার দিন আগের হতে পারে। ওই ঘটনায়ও কর্তৃপক্ষ থানায় অভিযোগ করেনি।

এ বিষয়ে ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম বলেন, গভীর রাতে দুর্বৃত্তরা এ ধরনের ঘটনা ঘটিয়ে ভিডিও ধারণ করে চলে যাচ্ছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে জন্য পুলিশ, বিজিবি, আনসারসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনার নিরাপত্তা জোরদার করতেও বলা হয়েছে।