হোম > সারা দেশ > ফেনী

ফেনী সীমান্তে কৃষককে লক্ষ্য করে বিএসএফের গুলি, চমেকে ভর্তি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফাইল ছবি

ফেনী সীমান্তে নিজ জমিতে চাষাবাদের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. মোশাররফ (৪৫) নামে এক বাংলাদেশি কৃষক আশঙ্কাজনকভাবে আহত হয়েছেন। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার পূর্ব জয়নগর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহত মোশাররফ ওই এলাকার মৃত মো. মোস্তফার ছেলে।

ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে আহত কৃষক মো. মোশাররফের এক্স-রে প্লেট। ছবি: আজকের পত্রিকা

আহত কৃষকের স্বজনদের সূত্রে জানা যায়, মোশাররফ সীমান্তের কাছে নিজ জমিতে কৃষিকাজ করছিলেন। এ সময় বিএসএফের সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি চালালে একটি গুলি তাঁর পিঠের বাম পাশে বিদ্ধ হয়। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে তাঁকে নিয়ে হাসপাতালে পৌঁছানো হলে চিকিৎসকেরা চমেকের ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি করেন।

আজ শনিবার সকালে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করে জানান, আহত কৃষককে রাতে হাসপাতালে আনার পরই অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা তাঁর শরীর থেকে গুলির কিছু অংশ বের করেছেন। তবে ভুক্তভোগী দাবি করছেন যে, তাঁর শরীরের ভেতরে এখনো গুলির অবশিষ্টাংশ রয়ে গেছে।