হোম > সারা দেশ > ফেনী

বিকল কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, চালক-হেলপারসহ নিহত ৩

ফেনী প্রতিনিধি

দুর্ঘটনাকবলিত বাস। ছবি: আজকের পত্রিকা

ফেনীর ছাগলনাইয়ায় বিকল হয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কাভার্ড ভ্যানের চালক, হেলপার ও বাসের চালক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে সকালে একটি কাভার্ড ভ্যান মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। পরে কাভার্ড ভ্যানটি সরিয়ে নিতে চালক ও হেলপার একটি লং ভেহিকেলের সহায়তা নেন। লং ভেহিকেলের সঙ্গে কাভার্ড ভ্যানটি বেঁধে সরানোর সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী ইউনিক পরিবহনের একটি বাস এসে কাভার্ড ভ্যানটির পেছনে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় চারজন গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাঁদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক কাভার্ড ভ্যানের চালক, হেলপার ও ইউনিক পরিবহনের বাসচালককে মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবু নোমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় চারজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁদের পরিচয় শনাক্তে পিবিআই কাজ করছে।

তিনি আরও বলেন, আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস, কাভার্ড ভ্যান ও লং ভেহিকেল পুলিশ হেফাজতে রয়েছে।