হোম > সারা দেশ > ফেনী

নিখোঁজের ৩ দিন পর স্বেচ্ছাসেবক দলের নেতাকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি 

উদ্ধারের পর শাহরিয়ার ইসলাম তুষার। ছবি: আজকের পত্রিকা

নিখোঁজের তিন দিন পর ফেনীর সোনাগাজী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার ইসলাম তুষারকে (২৭) উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে ফেনী শহরের নাসির মেমোরিয়াল কলেজের যাত্রীছাউনির ভেতর থেকে তাঁকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশের কাছে তুষার জানিয়েছেন, অজ্ঞাত দুর্বৃত্তরা তাঁকে হাত-পা বেঁধে আটকে রাখে এবং বারবার শারীরিক নির্যাতন করে। এ সময় তাঁর বুকে হাতুড়ি দিয়ে আঘাত করা হয় এবং গত তিন দিন তাঁকে কোনো খাবার দেওয়া হয়নি।

বর্তমানে তাঁকে প্রাথমিক চিকিৎসার জন্য ফেনী শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোনাগাজী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আবুল মন্সুর সবুজ বলেন, ‘স্বেচ্ছাসেবক দলের নেতা শাহরিয়ার ইসলাম তুষারকে হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে। শারীরিক অবস্থা এখনো পুরোপুরি ঠিক হয়নি। বর্তমানে তাঁকে ফেনীর একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সে সুস্থ হলেই প্রকৃত ঘটনা জানা যাবে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে জানতে চাইলে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাস জানান, পুলিশ ৯৯৯-এ ফোন পেয়ে নাসির মেমোরিয়াল কলেজের যাত্রীছাউনিতে হাত-পা বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করে। পরে পরিবারের সদস্যদের ডেকে তাঁকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এর আগে গত সোমবার (১৮ আগস্ট) রাতে নিখোঁজ হওয়ার পর তুষারের বড় ভাই ফয়জুল ইসলাম সোনাগাজী মডেল থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

দাম না পেয়ে নদীতে চামড়া ফেলে দিলেন ব্যবসায়ীরা

ফেনীতে কোরবানির পশু জবাই-মাংস কাটতে গিয়ে আহত শতাধিক

ফেনীতে জমে উঠেছে পশুর হাট

ফেনীতে নতুন নলকূপে পানি তুলতেই জ্বলে উঠল আগুন

ফেনীতে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর গরু ছিনতাই

কিশোর অপরাধে জড়িত সন্দেহে আটকের জের, বিএনপি নেতাদের বিক্ষোভ

৩৪ বছরের শিক্ষকতা শেষে ছাদখোলা গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায়

সোনাগাজীতে ছোট ফেনী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাত

সোনাগাজীতে খালে বর্জ্য ফেলায় পোলট্রি খামারে প্রশাসনের অভিযান