ফরিদপুরের ভাঙ্গায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার একপর্যায়ে একটি প্রাইভেট কার থেকে প্রকাশ্যে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে এক অজ্ঞাতপরিচয় যুবকের বিরুদ্ধে। সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে ওই যুবক এক তরুণীকে সঙ্গে নিয়ে গাড়ি চালিয়ে গোপালগঞ্জের দিকে চলে যান।
এ ঘটনার ২৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে খয়েরি বা মেরুন রঙের একটি প্রাইভেট কারের চালকের আসনে ওই যুবককে উত্তেজিত অবস্থায় দেখা যায়। এ সময় তাঁর সঙ্গে থাকা এক তরুণী তাঁকে নিবৃত্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে ওই যুবক অশ্লীল ভাষায় গালিগালাজ করতে করতে গাড়ির জানালা দিয়ে মাথা ও হাত বের করে কয়েকটি গুলি ছোড়েন। এ সময় ভিডিও ধারণকারী ব্যক্তিকে দৌড়ে সরে যেতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শী হাসান আমিন বলেন, ‘একটি প্রাইভেট কারে ওই যুবক এক তরুণীকে নিয়ে ঢাকার দিক থেকে এসে হাইওয়ে থানার সামনে সড়কের ওপর গাড়ি রাখেন। এ সময় স্থানীয় এক যুবক তাঁকে গাড়িটি সড়কের পাশে রাখার অনুরোধ করলে তাঁদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়।’
হাসান আমিনের ভাষ্য, একপর্যায়ে গাড়িতে থাকা তরুণী নেমে স্থানীয় ওই ব্যক্তিকে থাপ্পড় দেন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তখন গাড়িতে থাকা যুবক নিজেকে ‘কমিশনারের ভাগনে’ পরিচয় দেন। এরপর গাড়ির ভেতরে গিয়ে একটি ব্যাগ থেকে পিস্তল বের করেন এবং গালিগালাজ করতে করতে গাড়ির ভেতরে বসেই এলোপাতাড়ি গুলি ছোড়েন।
তিনি আরও বলেন, গুলির শব্দে পথচারী ও আশপাশের দোকানে থাকা লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। পরে ওই যুবক তরুণীকে সঙ্গে নিয়ে গাড়ি চালিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক ধরে গোপালগঞ্জের দিকে চলে যান। তবে তাঁদের দুজনই মদ্যপ অবস্থায় ছিলেন বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে রাত সাড়ে ১২টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) রেজওয়ান দিপু বলেন, ‘ভিডিওটি মাত্রই হাতে পেয়েছি। তবে ভিডিওটি ভাঙ্গার কি না, তা শনাক্তের চেষ্টা চলছে। এটি ভাঙ্গার ঘটনা হয়ে থাকলে দ্রুতই অভিযুক্তকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’