হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে ইয়াবা বিক্রির সময় দম্পতি গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি

গ্রেপ্তার বাপ্পি মোল্যা ও নুরজাহান আক্তার। আজকের পত্রিকা

ফরিদপুরের মধুখালীতে ইয়াবা বিক্রির সময় এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে উপজেলার আড়পাড়া গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন আড়পাড়া গ্রামের বাপ্পি মোল্যা (৩৫) ও তাঁর স্ত্রী নুরজাহান আক্তার (২৭)।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাপ্পি ও নুরজাহান এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার বিকেলে উপজেলার আড়পাড়া গ্রামে অভিযান চালায় পুলিশ। অভিযানে ইয়াবা বিক্রির সময় বাপ্পি ও নুরজাহান হাতেনাতে ধরা পড়েন। পরে তাঁদের বসতঘরে তল্লাশি চালিয়ে ১০৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ হোসেন জানান, গ্রেপ্তার দম্পতি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদকের কারবার করে আসছিলেন। বাপ্পি মোল্যার নামে একাধিক মামলাও রয়েছে। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।