ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মেয়েকে তালাকের মাধ্যমে স্বামীর কাছ থেকে ছাড়িয়ে আনার পর প্রকাশ্যে বাজারে দুধ দিয়ে গোসল করেছেন জুলেখা বেগম নামে এক নারী। তাঁর অভিযোগ, মেয়ের স্বামী মাদকাসক্ত ছিলেন এবং নিয়মিত মেয়েকে নির্যাতন করতেন।
আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার বাইখীর চৌরাস্তা বাজারে এ ঘটনা ঘটে। দুধ দিয়ে গোসলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বড় বাইখীর গ্রামের মহসিন মোল্লার মেয়ে মনিরা খাতুনের (৩০) সঙ্গে প্রায় ১৪ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় পার্শ্ববর্তী এলাকার সুমন শেখের (৩২)।
জুলেখা বেগমের দাবি, বিয়ের সময় সুমন শেখকে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছিল। তারপরও বিয়ের পর থেকেই সুমন তাঁর মেয়েকে নির্যাতন করতেন।
জুলেখা বেগম বলেন, সুমন নেশাগ্রস্ত হয়ে প্রতিদিন তাঁর মেয়েকে মারধর করতেন। দুই সন্তান থাকায় নির্যাতন সহ্য করেও সংসার করে আসছিলেন মনিরা।
জুলেখা বেগম আরও বলেন, কয়েক দিন আগে কাবিন রেজিস্ট্রারের মাধ্যমে তালাকের প্রক্রিয়ায় মেয়েকে সুমনের কাছ থেকে ছাড়িয়ে আনেন তিনি। খাবার খাওয়ার সময় ভাত ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলেন, মেয়েকে ছাড়িয়ে আনতে পারলে মানুষের সামনে দুধ দিয়ে গোসল করবেন। সেই প্রতিজ্ঞা পূরণ করতেই তিনি এ কাজ করেছেন।
সুমন শেখ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এগুলো সব মিথ্যা ও ভিত্তিহীন।’