অধিক্ষেত্র বহাল রাখা, অবসরের বয়সসীমা বাড়ানো ও বিয়ের ন্যূনতম বয়স কমানোসহ পাঁচ দফা দাবিতে ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহীসহ বিভিন্ন জেলায় কলমবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রাররা। সেই সঙ্গে আজ সোমবার বিয়ে পড়ানো ও তালাকসহ সব কার্যক্রম বন্ধ রাখা হয়। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে।
ফরিদপুরে বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতি ও নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদের আয়োজনে আজ বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় তাঁরা তাঁদের দাবিগুলো তুলে ধরেন।
নিকাহ্ রেজিস্ট্রারদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯-এর ১৩ ধারা অনুযায়ী ইউনিয়নে একজন এবং সিটি করপোরেশনের ওয়ার্ডে একজন নিকাহ্ রেজিস্ট্রারের অধিক্ষেত্র বহাল রাখা; অবসরের বয়সসীমা ৬৭ বছর থেকে বাড়িয়ে ৭৫ বছর করা; যোগ্যতা ও বিধি অনুসারে পিতার স্থলে পুত্রকে নিয়োগ দেওয়া; বাল্যবিবাহ নিরোধ আইন সংশোধন করে ছেলেদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর ও মেয়েদের ১৬ বছর নির্ধারণ করা এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিকাহ্ রেজিস্ট্রারদের হয়রানিমূলক কার্যক্রম বন্ধ করা।
এ সময় বক্তারা বলেন, একটি ইউনিয়নে একজন নিকাহ্ রেজিস্ট্রারের অধীনে মাসে গড়ে মাত্র ৫ থেকে ৬টি বিয়ে নিবন্ধিত হয়। এই সামান্য আয় দিয়ে তাঁদের সংসার চালাতে হয়। একই ইউনিয়নে একাধিক নিকাহ্ রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হলে তাঁদের জীবন-জীবিকা চরম সংকটে পড়বে এবং পেশাগত অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে।
বক্তারা আরও বলেন, নিকাহ্ রেজিস্ট্রারদের অবসরকালীন ভাতা বা পেনশনের ব্যবস্থা নেই। তাই তাঁদের অবসরের বয়স বাড়ানো এবং যোগ্যতার ভিত্তিতে পিতার স্থলে পুত্রকে নিয়োগের বিষয়টি বিবেচনা করতে হবে।
বক্তারা দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে ১২ বছর বয়স থেকেই ছেলে-মেয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তাই বাল্যবিবাহ নিরোধ আইন সংশোধন করে ছেলেদের বয়স ১৮ বছর ও মেয়েদের বয়স ১৬ বছর করা জরুরি।
দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন নিকাহ্ রেজিস্ট্রাররা। আজ সারাদিন বিয়ে ও তালাকসহ সব কার্যক্রম বন্ধ রাখার ঘোষণাও দেন তাঁরা।
ফরিদপুর জেলা সভাপতি মাওলানা আ. ন. ম. ইসহাকের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতি ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ফরিদপুর জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ জাকির হোসেন, জেলা কাজী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান এবং আইন সম্পাদক অ্যাডভোকেট মাওলানা জয়নাল আবেদীনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার ও নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়। এ সময় নিকাহ রেজিস্ট্রাররা বলেন, দীর্ঘদিন ধরে নির্ধারিত অধিক্ষেত্রের ভিত্তিতে নিকাহ্ রেজিস্ট্রাররা দায়িত্ব পালন করে আসছেন। নিয়োগকালীন অধিক্ষেত্র পরিবর্তন করা হলে তাঁদের প্রতিষ্ঠিত কর্মপরিধি ও জীবিকা হুমকির মুখে পড়বে। বিশেষ করে বিয়ের সংখ্যা কম -- এমন ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রাররা বেশি ক্ষতিগ্রস্ত হবেন।
নিকাহ্ রেজিস্ট্রাররা নিয়োগকালীন অধিক্ষেত্র বহাল রাখা, পেশাগত অধিকার ও জীবিকার সুরক্ষাসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। দাবি উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা তাঁদের পেশাগত ও পারিবারিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে বলেও উল্লেখ করেন তাঁরা।
মানিকগঞ্জ জেলা শাখার সহসভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন সমিতির সহসভাপতি কাজী আবু দাউদ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা কামরুল ইসলাম, নালী ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রার মোহাম্মদ রফিকুল ইসলাম ও বলড়া ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রার কাজী আব্দুল আলিমসহ অন্যরা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার ও নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ রাজশাহী জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কলমবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি চলে।
কর্মসূচিতে বক্তারা বলেন, নিকাহ্ রেজিস্ট্রার পেশার সংস্কার, উন্নয়ন, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা এবং সেবার মান বাড়াতে তাঁরা এসব দাবি জানাচ্ছেন। তাঁরা ২০০৯ সালের মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা বহাল রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে নতুন নীতিমালা প্রণয়নের সরকারি উদ্যোগের বিরোধিতা করেন তাঁরা।
কর্মসূচিতে কাজী খয়বর হোসেন, কাজী মো. জহুরুল আলম, কাজী মো. হাবিবুর রহমানসহ রাজশাহীর বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আসা নিকাহ্ রেজিস্ট্রাররা বক্তব্য রাখেন। কর্মসূচি শেষে তারা জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের কাছে একটি স্মারকলিপি দেন