হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি

ধর্ষণের দায়ে রাজু শেখের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। ছবি: সংগৃহীত

ফরিদপুরে ১৩ বছরের এক কিশোরীকে রাতভর আটকে রেখে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজু শেখ (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ডের টাকা আসামির স্থাবর ও অস্থাবর সম্পদ বিক্রি করে ভুক্তভোগীর পরিবারকে দিতে জেলা কালেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ফরিদপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবুল বাশার মিঞা এ রায় দেন। অর্থদণ্ড অনাদায়ে রাজু শেখকে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত রাজু শেখ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরঅযোধ্যা ঢালারপাড় গ্রামের দুলু শেখের ছেলে। রায় ঘোষণার পর পুলিশ পাহারায় তাঁকে কারাগারে নেওয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ১ মার্চ রাতে রাজু শেখ কিশোরীর মুখে গামছা পেঁচিয়ে জোর করে একটি ছাপড়া ঘরে নিয়ে যান। সেখানে তাকে আটকে রেখে রাতভর ধর্ষণ করা হয়।

পরদিন ভোরে পরিবারের সদস্যরা কিশোরীকে ওই ঘরের পেছনে অচেতন অবস্থায় খুঁজে পান। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নেওয়া হয়।

চিকিৎসা শেষে ৪ মার্চ রাজু শেখকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন কিশোরীর মা।

মামলার এজাহারে কিশোরীর মা উল্লেখ করেন, রাজু শেখ তাঁর মেয়েকে প্রায়ই উত্যক্ত করতেন। ঘটনার দিন রাতে তিনি বাবুর্চির কাজে একটি অনুষ্ঠানে যান। রাত ১০টার দিকে প্রকৃতির ডাকে কিশোরীটি ঘর থেকে বের হলে রাজু শেখ তাঁর মুখে গামছা বেঁধে তুলে নিয়ে রাতভর ধর্ষণ করেন।

আদালত সূত্রে আরও জানা যায়, চরভদ্রাসন থানার তৎকালীন উপপরিদর্শক মো. ইলিয়াস হোসেন মামলাটি তদন্ত করেন। তিনি ২০২১ সালের ২৫ জুন রাজু শেখকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ সাজা দেন।

আদালতের সরকারি কৌঁসুলি গোলাম রব্বানী ভূইয়া রতন বলেন, ‘এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট এবং এর মধ্য দিয়ে সমাজে ধর্ষণ ও ব্যভিচারের মতো অপরাধ অনেকাংশে কমে আসবে। এ রায় ধর্ষকদের জন্য বড় ধরনের বার্তা বহন করবে।’