হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুর প্রতিনিধি

ঘটনাস্থলে লোকজন দাঁড়িয়ে আছেন। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় সালাউদ্দিন মোল্লা (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হন মোটরসাইকেলের আরও দুই আরোহী। আজ সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মালিগ্ৰাম এলাকায় এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সালাউদ্দিন ফরিদপুরের নগরকান্দা উপজেলার কুমারদিয়া গ্ৰামের আদম মোল্লার ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত হন মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী সাব্বির শেখ (১৮) ও তামিম হোসেন (২৮)। তাঁদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায় এবং তাঁরা নিহত সালাউদ্দিনের বন্ধু।

শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক মামুন জানান, নগরকান্দা থেকে মোটরসাইকেলযোগে তিন বন্ধু এক্সপ্রেসওয়েতে ঢাকাগামী লেনে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগতির অজ্ঞাতনামা একটি গাড়ি তাঁদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ লাশ ও মোটরসাইকেলটি উদ্ধার করে। তিনি বলেন, এ ঘটনায় আইনি কার্যক্রম শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তদন্ত সাপেক্ষে পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।