হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতা-কর্মীদের হামলা, কৃষক দল নেতা নিহত

ফরিদপুর প্রতিনিধি

রাজু মোল্যা। ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে আগুন জ্বালিয়ে ও দেশীয় অস্ত্র হাতে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় তাঁদের হামলা ও ককটেল বিস্ফোরণে রাজু মোল্যা (৪০) নামের কৃষক দলের এক নেতা নিহতের অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া চারটি মোটরসাইকেলে অগ্নিসংযোগসহ স্থানীয় বিএনপির কার্যালয় ভাঙচুর করা হয়েছে।

আজ মঙ্গলবার রাত ৮টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদি ইউনিয়নের মাধবপুরে ফরিদপুর-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্যা ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুড়া গ্রামের আকতার মোল্যার ছেলে। তিনি উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাসড়কের ওপর দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ করতে থাকেন আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা। এ সময় তাঁরা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। এতে মহাসড়কটিতে প্রায় ঘণ্টাব্যাপী গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে সেখানে ১০ থেকে ১২টি মোটরসাইকেল নিয়ে ছুটে যান বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় তাঁদের ওপর একাধিক ককটেল ছোড়েন বিক্ষোভকারীরা। এতে বিস্ফোরণে গুরুতর আহত হন রাজু মোল্যা। এ ছাড়া তাঁদের চারটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন।

বিএনপির ওই মোটরসাইকেলবহরে থাকা একাধিক নেতা-কর্মী দাবি করেন, তাঁরা ঘটনাস্থলে পৌঁছানো মাত্র আওয়ামী লীগের সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে গুলিবর্ষণ ও একাধিক ককটেল ছুড়ে মারে। এ সময় বোমা বিস্ফোরণে রাজু মোল্যা মারা যান।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল কর্মকর্তা তানজীরুল ইসলাম মামুন বলেন, ‘মৃত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তবে কীভাবে মৃত্যু হয়েছে, সে বিষয়ে আমরা এখনো নিশ্চিত নই।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর বলেন, হামলায় একজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত ব্যক্তির মরদেহ বর্তমানে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।