একদিকে বয়সের ভারে ন্যুব্জ শরীর, অন্যদিকে অসুস্থতার সঙ্গে লড়াই করে টিকে থাকার চেষ্টা চলছে শয্যাশায়ী বৃদ্ধ আমেনা বেগমের (৮০)। এমনকি ঠিকমতো জুটছে না চিকিৎসার খরচও। অথচ জীবনের এই অন্তিম মুহূর্তে নিজের শেষ সম্বলটুকু নিয়েই পড়েছেন চরম অনিশ্চয়তায়।
অভিযোগ উঠেছে, শয্যাশায়ী এই বৃদ্ধার জমি দখলে নিয়েছেন স্থানীয় এক কৃষক দল নেতা। জমি ফিরে পাওয়া ও চিকিৎসার খরচের দাবিতে শেষ পর্যন্ত বিছানায় শুয়েই সংবাদ সম্মেলন করতে হয়েছে তাঁকে।
আজ সোমবার বেলা ২টার দিকে জেলা সদরের কৈজুরী ইউনিয়নের চরমঙ্গলকোর্ট গ্রামে নিজের ঘরে সংবাদ সম্মেলন করেন আমেনা বেগম। বৃদ্ধ আমেনা বেগম ওই গ্রামের মৃত আবুল হোসেন প্রামাণিকের স্ত্রী। তাঁর দুই ছেলে ও পাঁচ মেয়ে রয়েছে ৷ সংবাদ সম্মেলনে দুই ছেলে কাউছার প্রামাণিক (৬০) ও সেলিম প্রামাণিক (৫০) এবং মেয়ে খাদিজা বেগম (৪৫) উপস্থিত ছিলেন।
তাঁরা জানান, বৃদ্ধ আমেনা বেগমের বাবার বাড়ি পার্শ্ববর্তী গেরদা ইউনিয়নের নিখুরদি গ্রামে। পৈতৃক সম্পত্তির ১৫৭ শতক জমির মধ্যে ১০ শতক জমি পেয়েছেন তিনি। যা তাঁর নামে রেকর্ড করা। কিন্তু বিগত প্রায় এক যুগ ধরে ওই জমি দখল করে রেখেছেন নিখুরদি গ্রামের মৃত ইয়াকুব আলী খলিফার ছেলে অ্যাডভোকেট সোলাইমান হোসাইন। তিনি বর্তমানে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক পদে রয়েছেন।
বিছানায় শুয়ে আমেনা বেগম অভিযোগ করে বলেন, ‘আমি তো কোনো দিন আমার জমি সোলাইমানের কাছে বেচি নাই (বিক্রি করিনি)। ও আমার জমি দখল করছে। আজ ১০ বছর ধইর্যা ও খাইতেছে, আমার ছাওয়ালগো জমিতে যাইবারও দেয় না; খালি ভেজাল করে সোলাইমান।’
এদিকে এক মানববন্ধন কর্মসূচিতে দাঁড়িয়ে কৃষক দল নেতার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন সন্তান ও প্রতিবেশীরা। ছেলে কাউছার প্রামাণিক অভিযোগ করে বলেন, ‘আমার মায়ের পৈতৃক ১০ শতাংশ জমির সঙ্গে সোলাইমানের কোনো সম্পর্ক বা ওয়ারিশও নেই। এটা আমার মায়ের নামে রেকর্ড করা সম্পত্তি। অথচ ক্ষমতার দাপটে জমি দখল করে সেই জমি আবার মাসুদ চোকদার নামের অন্য এক ব্যক্তির কাছে ৬০ হাজার টাকায় বন্ধক রেখেছেন সোলাইমান। ওই জমিতে গেলেই আমাদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। বিগত ১০ বছর ধরে কোথাও গিয়ে বিচার পাইনি, এখনো কোথাও বিচার পাচ্ছি না। আমরা সরকার ও প্রশাসনের কাছে জমিটি উদ্ধার করে বুঝিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।’
মেয়ে খাদিজা বেগম বলেন, ‘বর্তমানে আমার মায়ের অবস্থা ভালো না, স্ট্রোক করেছেন। তাঁর চিকিৎসার জন্য টাকাপয়সা প্রয়োজন। আমরা বারবার অনুরোধ করছি—ওই জমি বিক্রি করে মায়ের চিকিৎসা করাব, কিন্তু কোনো কিছুই কর্ণপাত করছেন না সোলাইমান। উল্টা আমাদের মিথ্যা মামলার ভয় ও হুমকি-ধমকি দিচ্ছেন।’
তবে দখলের অভিযোগ অস্বীকার করেন কৃষক দল নেতা অ্যাডভোকেট সোলাইমান হোসাইন। তাঁর দাবি, ‘ওই দাগে মোট ১৫৭ শতক জমি আছে। জমিটি ওয়ারিশমূলে আমার দাদা ও চাচার ভোগদখলে ছিল, চাচা দিয়েছেন আমাকে। আমি আজ ৩০ বছর ধরে ওই জমির পজিশনে আছি। এখন আমেনা বেগম যদি জমি পায়ও, সকলের মধ্যে পাবে। আর মাঠ রেকর্ড হয়ে থাকলে তা ভুলক্রমে হয়েছে। তাঁর কোনো জমি আমি দখল করিনি।’
উল্লেখ্য, এর আগে কৃষক দল নেতা সোলাইমান হোসাইনের বিরুদ্ধে আরও জমি দখলের অভিযোগ উঠেছে। সম্প্রতি তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলে ও নিরাপত্তা চেয়ে ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে প্রতিবেশী ও নিখুরদি গ্রামের বাসিন্দা আলতাফ হোসেন নামের এক বৃদ্ধ ও তাঁর পরিবার।