ব্যাটারিচালিত রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের কমিটি গঠনকে ঘিরে চলছিল খিচুড়ি রান্নার আয়োজন। কিন্তু ১৫ আগস্টের ‘কাঙালি ভোজ’ কর্মসূচি সন্দেহে অভিযান চালিয়ে ৬ রিকশাচালকে আটক করেছে পুলিশ। ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের ধূলদী রেলগেট-সংলগ্ন বাজারে এ ঘটনা ঘটেছে।
পরে পুলিশের তদন্তে আটকেরা নির্দোষ প্রমাণিত হলেও আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত তাঁদের মুক্তি দেওয়া হয়নি। এর আগে গতকাল শুক্রবার দুপুরে তাঁদের আটক করা হয়।
আটক রিকশাচালকেরা হলেন মজিদ শেখ (৫৫), হারুন শেখ (৫৫), আনোয়ার মোল্লা (৫০) ও তাঁর ভাই মানোয়ার মোল্লা (৪৮) এবং ইউসুফ শেখ (৪৫) ও তাঁর ছেলে রহিম শেখ (২৩।
খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি জেলা ব্যাটারিচালিত রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের স্ট্যান্ড কেন্দ্রিক আঞ্চলিক কমিটির গঠনের প্রক্রিয়া চলছে। এরই অংশ হিসেবে গতকাল ধূলদী রেলগেট বাজার-সংলগ্ন কমিটি গঠনকে ঘিরে শ্রমিকেরা খিচুড়ি ভোজের আয়োজন করে। এ সময় পুলিশ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগস্টের ‘কাঙালি ভোজ’ কর্মসূচি পালন করা হচ্ছে অভিযোগ এনে ৬ রিকশাচালককে আটক করে।
জেলা ব্যাটারিচালিত রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ছিদ্দিকুর রহমান বলেন, ‘আমাদের সংগঠন কোনো রাজনৈতিক সংগঠন নয়। আমাদের একতাবদ্ধ থাকা ও দাবিদাওয়া আদায়ের জন্য এই সংগঠন। কিন্তু পুলিশ আমাদের ৬ শ্রমিককে অন্যায়ভাবে আটক করে থানায় রেখেছে। ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে এক দিন পরেও ছাড়া হয়নি।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘যে অভিযোগে ওই শ্রমিকদের আনা হয়েছিল তার সত্যতা পাওয়া যায়নি। তাঁরা সকলে নিরীহ রিকশাচালক। তাঁদের আটকে রাখার কোনো মানে নেই। তাঁদের ছেড়ে দেওয়া হবে।’