হোম > সারা দেশ > ফরিদপুর

সড়কে চাঁদা তুলছিল হাতি, শুঁড়ের ধাক্কায় ইজিবাইক উল্টে ১০ মাসের শিশু নিহত

ফরিদপুর প্রতিনিধি

আটক হাতি। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরের সদরপুরে হাতির শুঁড়ের ধাক্কায় একটি ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে ১০ মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা হাতির মাহুতকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার আটরশি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু আরিশা জান্নাত পার্শ্ববর্তী ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুলবন্দি গ্রামের সজিব মোল্লার মেয়ে। পুলিশ জানায়, আটক মাহুত বকুল মিয়া জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার মাদারেরচর গ্রামের আনিস উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র ও নিহত শিশুর পরিবার জানায়, শিশু আরিশা জান্নাতের চিকিৎসার জন্য তার মা একটি ব্যাটারিচালিত ইজিবাইকে করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। পথে আটরশি এলাকায় বকুল মিয়া (২৪) নামের এক মাহুত হাতি নিয়ে সড়কে বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তুলছিলেন। ইজিবাইকটি হাতির সামনে পৌঁছালে চাঁদার জন্য হাতিটি শুঁড় উঁচু করলে ধাক্কা লেগে ইজিবাইকটি উল্টে যায়। এতে ইজিবাইকের নিচে চাপা পড়ে শিশু আরিশা জান্নাত গুরুতর আহত হয়। উদ্ধার করে তাকে প্রথমে বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

একাধিক প্রত্যক্ষদর্শী জানান, সড়কে চাঁদা তোলার সময় হাতিটি শুঁড় দিয়ে ইজিবাইকটি উল্টে ফেলে। এ সময় মায়ের সঙ্গে থাকা শিশুটি ইজিবাইকের নিচে চাপা পড়ে এবং আরও কয়েকজন যাত্রী আহত হন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা হাতির মাহুত বকুল মিয়াকে পিটুনি দেয় এবং হাতিটিকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাতির মাহুতকে আটক করে থানায় নিয়ে যায়।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আল মামুন শাহ বলেন, এ ঘটনায় নিহত শিশুর পরিবার এখনো লিখিত অভিযোগ দেয়নি। হাতির মাহুতকে আটক করা হয়েছে এবং হাতিটি উদ্ধার করে থানায় আনার প্রক্রিয়া চলছে।

ফরিদপুরে সবজি বিক্রেতা হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

ঘুষ নিয়ে দ্রুত কাজ করে দেওয়ার আশ্বাস ভূমি কর্মকর্তার, ভিডিও ভাইরাল

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর আমৃত্যু কারাদণ্ড-জরিমানা

ফরিদপুরে ইয়াবা বিক্রির সময় দম্পতি গ্রেপ্তার

গুনে গুনে ঘুষের টাকা নেওয়া সেই ভূমি কর্মকর্তাকে বরখাস্ত

অফিসে বসেই গুনে গুনে ঘুষ নেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, পদ খোয়ালেন বিএনপি নেতা

ওমরাহ করতে গিয়ে প্রাণ গেল প্রবাসী মা-ছেলে-মেয়ের

‘ওরা আমার পেটের সন্তানরে মাইর‍্যা ফেলছে, স্বামীকে কী জবাব দেব?’

ফরিদপুরে পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যুর অভিযোগ