ফরিদপুরের নগরকান্দায় পুলিশের বিশেষ অভিযানে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাড়ির মালিক বাঁকা মাতুব্বরকে (৪৫) আটক করেছে থানা-পুলিশ। আজ বুধবার সন্ধ্যায় উপজেলার চরযশোরদী ইউনিয়নের দহিসারা গ্রামে বাঁকা মাতুব্বরের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব লগি-বৈঠা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির আয়োজনে আওয়ামী লীগের কথিত সন্ত্রাস ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে ওই মিছিলে হামলার উদ্দেশ্যে লগি-বৈঠা মজুত করে রাখার তথ্য পায় পুলিশ।
পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়িটি থেকে প্রায় দুই শতাধিক লগি-বৈঠা জব্দ করা হয়। এ সময় বাড়ির মালিক বাঁকা মাতুব্বরকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
এদিকে, লগি-বৈঠা উদ্ধারের ঘটনায় নগরকান্দায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামদানী রাসুল আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই শতাধিক লগি-বৈঠা জব্দ করা হয়েছে এবং বাড়ির মালিককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’