সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার অবসরকালীন ভাতা বাস্তবায়ন করেছিল। বিগত সরকার তা বন্ধ রেখেছিল। কয়েক দিন আগে প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চার হাজার কোটি টাকা অবসরকালীন ভাতা বরাদ্দ দিয়েছেন। এই সরকার শিক্ষকবান্ধব ও জনবান্ধব।
আগামী চার বছরের মধ্যে সব ধর্মীয় উপাসনালয়ের ধর্মগুরুদের ভাতার ব্যবস্থা করা হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিরামপুর পৌর শাখার ১-৯ ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এসব কথা বলেন।
আজ শুক্রবার বিকেল ৫টায় বিরামপুর পাইলট উচ্চবিদ্যালয় চত্বরে বিরামপুর পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মহিবুর এলাহী চৌধুরীর সভাপতিত্বে মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রীর সহকারী একান্ত সচিব জাভেদ হোসেন, ব্যক্তিগত কর্মকর্তা গোলাম মোস্তফা রঞ্জু, দিনাজপুর-৬ সংসদীয় আসনের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ফেরদৌস রহমান, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, সহযোগী সংগঠনের পৌর নেতা ও ওয়ার্ড বিএনপির সভাপতি-সম্পাদকেরা।