• সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ৭ হাজার ৩৬০ মিটার তার চুরি।
• পুলিশের টহল জোরদার করলে চুরি ঠেকানো সম্ভব বলে মনে করেন স্থানীয়রা।
দিনাজপুরের ফুলবাড়ীতে বিদ্যুতের তার চুরি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। গত দুই মাসে প্রায় ৭ হাজার মিটার বিদ্যুতের তার চুরি হয়েছে। ফলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয়রা জানান, রাতে দুর্বৃত্তরা বিভিন্ন এলাকায় খুঁটিতে উঠে তার কেটে নিয়ে যাচ্ছে। রাতে পুলিশের টহল জোরদার করলে এ ধরনের চুরি ঠেকানো সম্ভব বলে মনে করেন তাঁরা।
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) ফুলবাড়ী কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় গত সেপ্টেম্বর ও অক্টোবর এই দুই মাসে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে ১১ কেভি আমডুঙ্গি গুলায়াপাড়া ফিডারের তার, রাজারামপুর এলাকা থেকে চার স্প্যান এলটি লাইনের প্রায় ২ দশমিক ৪ কিলোমিটার তার চুরি হয়। একই রাতে শাহবাজপুর ফিডারের ধনতলা-বেলপুকুর এলাকা থেকে পাঁচ স্প্যানের প্রায় ০ দশমিক ৯ কিলোমিটার তার চুরি হয়। শহরের সেনা মার্কেটসংলগ্ন মধ্যপাড়া সড়কের সুমন স-মিলের বিদ্যুতের সংযোগের তার চুরি হয়েছে। ঢাকা মোড়ের একটি তুলার মিলের তার চুরি হয়েছে। ফুলবাড়ী কোল্ড স্টোরেজের পেছনের মূল লাইন থেকে ৫ স্প্যান তার চুরি হয়। কৃষ্ণপুর-গোকুল সড়কে ফাঁকা রাস্তায় চারটি পোলের ১১ কেভির প্রায় ৪০০ মিটার মেইন লাইনের তার কেটে নিয়ে গেছে চোরেরা।
শুধু শহরে নয়, গ্রামাঞ্চলেও চুরির ঘটনা ঘটছে। সম্প্রতি পৌর এলাকার কাঁটাবাড়ী কৃষক সমবায় সমিতি পরিচালিত একটি গভীর নলকূপের কয়েক গজ বিদ্যুতের তার চুরি হয়। পরে একই স্থানে দ্বিতীয় দফায় তার চুরির ঘটনা ঘটে।
বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, ৪৪০ ভোল্টের এলটি লাইনে এক স্প্যান তারের দৈর্ঘ্য ৪০ মিটার। প্রতিটি স্প্যানে চারটি ডাবল তার থাকে। গত সেপ্টেম্বর ও অক্টোবর—এই দুই মাসে চুরি হওয়া তারের পরিমাণ প্রায় ৭ হাজার ৩৬০ মিটার।
ফুলবাড়ী থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ‘যারা চুরি, ছিনতাই, ডাকাতিসহ এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত, তারা বেশির ভাগই মাদকসেবী বলে দেখা গেছে। আমরা এ বিষয়ে সজাগ রয়েছি। অভিযান অব্যাহত রয়েছে।’
নেসকোর (ফুলবাড়ী) আবাসিক প্রকৌশলী অমিত কুমার রায় বলেন, ‘বিভিন্ন স্থানে বিদ্যুতের তার এবং ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে আমরা থানায় একাধিক অভিযোগ দিয়েছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ বলেন, ‘আইনশৃঙ্খলা কমিটির সভায় বিদ্যুতের তারসহ অন্যান্য চুরি বন্ধে আলোচনা করা হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।’