দিনাজপুরের বিরল উপজেলায় সাবেক স্বামীর বিরুদ্ধে নারীর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ওই নারী দগ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনায় অভিযুক্ত মাহবুবুর রহমানকে (৫১) আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার (১ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার ৭ নম্বর বিজোড়া ইউনিয়নের বিজোড়া সুতারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া আক্তার শ্যামলী (২৫) দুই সন্তানের জননী এবং ওই গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে শ্যামলীর সঙ্গে মাহবুবুর রহমানের বিবাহবিচ্ছেদ হয়। মাহবুবুর রহমানের স্থায়ী বাড়ি রংপুরের কোতোয়ালি থানার লালবাগ এলাকায়। তবে তিনি সম্প্রতি বিরল উপজেলার দোগাছী (বুধারপাড়া) গ্রামে বসবাস করছিলেন।
অভিযোগ রয়েছে, গতকাল শনিবার রাতে মাহবুবুর রহমান শ্যামলীর বাবার বাড়িতে গিয়ে তাঁর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। শ্যামলীর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যান।
গুরুতর দগ্ধ অবস্থায় শ্যামলীকে প্রথমে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
বিরল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনিছুর রহমান বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত মাহবুবুর রহমানকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।