হোম > সারা দেশ > দিনাজপুর

ফুলবাড়ীতে আগুনে রিকশাচালকের ঘর পুড়ে ছাই, দগ্ধ হয়ে মারা গেল চার গবাদিপশু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 

ফুলবাড়ীতে অগ্নিকাণ্ডে খোকন ইসলামের একটি গর্ভবতী গাভি, একটি বকনা বাছুর ও দুটি ভেড়া পুড়ে মারা গেছে। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক রিকশাচালকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় একটি গর্ভবতী গাভি, একটি বকনা বাছুর ও দুটি ভেড়া পুড়ে মারা গেছে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন রিকশাচালক খোকন ইসলামের ৮০ বছর বয়সী প্রতিবন্ধী মা জবেদা বেওয়া।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শিবনগর ইউনিয়নের পূর্ব রাজারামপুর গ্রামের আদর্শ কলেজপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। খোকন ইসলাম ওই গ্রামের মৃত নছির উদ্দিনের ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রিকশা চালাতে শহরে যান খোকন ইসলাম। রাতে তাঁর স্ত্রী ও সন্তান পাশের একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যান। এ সময়ে বৃদ্ধ প্রতিবন্ধী মা জবেদা বেওয়া বাড়িতে একা ছিলেন। হঠাৎ বসতঘরে আগুনের সূত্রপাত হলে প্রতিবেশীরা তা দেখতে পেয়ে ছুটে আসেন। তাঁরা দ্রুত জবেদা বেওয়াকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন।

পরে খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। একই সঙ্গে গোয়ালঘরে থাকা একটি গর্ভবতী গাভি, একটি বকনা বাছুর ও দুটি ভেড়া পুড়ে মারা যায়।

প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তাদের হিসাব অনুযায়ী, অগ্নিকাণ্ডে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারটিকে শুকনো খাবার ও নগদ অর্থ দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

খবর পেয়ে শুক্রবার (২ অক্টোবর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক এ এস এম শাহাদাত হোসেন এবং শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছামেদুল ইসলাম ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেন। এ সময় তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ কিছু অর্থ ও খাদ্যসহায়তা তুলে দেন এবং পাশে থাকার আশ্বাস দেন। এ সময় ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোস্তাফিজুর রহমান ফিজার উপস্থিত ছিলেন।

শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছামেদুল ইসলাম বলেন, ‘বিষয়টি নিয়ে জেলা প্রশাসক, সংসদ সদস্য (এমপি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা হয়েছে। আপাতত ক্ষতিগ্রস্ত পরিবারটিকে শুকনো খাবার ও নগদ অর্থ দেওয়া হয়েছে। আমরা যথাসাধ্য পরিবারটিকে সহযোগিতা করার ব্যবস্থা করব।’

ফুলবাড়ী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ লিডার উপেন্দ্রনাথ রায় অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাসান বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। বিষয়টি জানতে পেরে এসি ল্যান্ডকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে শুকনো খাবার ও কম্বল দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের কাছে প্রতিবেদন পাঠানো হচ্ছে। বরাদ্দ পাওয়া গেলে পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে অনুদান দেওয়ার ব্যবস্থা করা হবে।’