হোম > সারা দেশ > দিনাজপুর

ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু, গাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি 

বিক্ষুব্ধ জনতা ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দেন। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের খানসামায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আবিদ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দেন।

আজ রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার খামারপাড়া ইউনিয়নের কায়েমপুর শাহপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আবিদ ওই এলাকার আশিদুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে পাকেরহাট থেকে বোর্ডেরহাট হয়ে কায়েমপুরের দিকে যাচ্ছিল ট্রাক্টরটি। পথিমধ্যে কায়েমপুর শাহপাড়া এলাকায় পৌঁছালে শিশু আবিদ ট্রাক্টরের নিচে পিষ্ট হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাছেত সরকার বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’