দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ হয়ে গেছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে ইউনিটটিতে ত্রুটি দেখা দিলে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
আবু বকর সিদ্দিক বলেন, ইউনিটটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় উৎপাদন বন্ধ রয়েছে। ত্রুটি দ্রুত সারিয়ে ইউনিটটি পুনরায় চালুর জন্য কাজ চলছে।
কেন্দ্র সূত্রে জানা গেছে, বন্ধ হওয়ার আগে ১ নম্বর ইউনিট থেকে প্রতিদিন ৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল। এর আগে, গত ৩১ জুলাই যান্ত্রিক ত্রুটির কারণে একই ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে মেরামত শেষে ২ আগস্ট ইউনিটটি পুনরায় চালু করা হয়েছিল।
বর্তমানে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ৩ নম্বর ইউনিট থেকে ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। আর ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকেই বন্ধ রয়েছে।