হোম > সারা দেশ > দিনাজপুর

ফুলবাড়ীতে গৃহবধূকে ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শাকিল ইসলাম ওরফে সাকিব। ছবি: সংগৃহীত

দিনাজপুরের ফুলবাড়ীতে ৩১ বছর বয়সী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে করা মামলায় শাকিল ইসলাম ওরফে সাকিব (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই গৃহবধূ বাদী হয়ে দুজনকে আসামি করে ফুলবাড়ী থানায় মামলা করেন। পরে রাতেই উপজেলার আলাদীপুর ইউনিয়নের সিন্দুরহাটা আবাসন থেকে শাকিলকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৩ নভেম্বর রাত ১১টার দিকে ওই গৃহবধূ ঘরে টেলিভিশন দেখছিলেন। এ সময় তাঁর স্বামী বাড়িতে না থাকার সুযোগে শাকিলসহ দুই যুবক কৌশলে টিনের দরজা খুলে ঘরে প্রবেশ করেন। এরপর তাঁরা জোর করে ওই গৃহবধূর মুখ চেপে ধরে ধর্ষণ করেন।

ঘটনার পর লোকলজ্জার ভয়ে বিষয়টি প্রকাশ করেননি ওই নারী। পরে তাঁর মুখে ও শরীরে আঁচড়ের দাগ দেখে পরিবারের সদস্যরা জানতে চাইলে তিনি ঘটনা খুলে বলেন। এরপর গতকাল বুধবার রাতে থানায় মামলা করেন তিনি।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার সূত্র ধরে শাকিল ইসলাম ওরফে সাকিবকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।