হোম > সারা দেশ > দিনাজপুর

বাড়ির আঙিনায় খেলছিল দুই শিশু, ডোবায় ডুবে মর্মান্তিক মৃত্যু

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

দিনাজপুরের বিরামপুরে ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর কাটলা গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো—উত্তর কাটলা গ্রামের হুমায়ুন কবীরের মেয়ে মেহজাবিন আক্তার (২) ও তরিকুল ইসলামের মেয়ে তাহিয়া জান্নাত হুজাইফা (৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের আঙিনায় খেলছিল মেহজাবিন ও হুজাইফা। দৌড়াদৌড়ির একপর্যায়ে তারা প্রতিবেশী রহমত আলীর ডোবায় পড়ে যায়। কিছু সময় পর প্রতিবেশীরা দুজনকে ডোবার পানিতে ভাসতে দেখে উদ্ধার করেন।

ডোবা থেকে উদ্ধারের পরই শিশু মেহজাবিনের মৃত্যু হয়। পরে হুজাইফাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।