হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) প্রথমবারের মতো বায়োমেডিকেল ইনটেলিজেন্স, এআই উদ্ভাবন ও উদীয়মান টেকসই প্রযুক্তিবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম ভবনের কনফারেন্স রুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. এম সোহেল রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার ড. এম জাহাঙ্গীর কবির, ডিন ড. মো. জামিল সুলতান ও ড. মো. দেলোয়ার হোসেন। সভাপতিত্ব করেন সহযোগী অধ্যাপক ড. তানজিনা সুলতানা।
প্রধান অতিথির বক্তব্যে ড. মো. এনামউল্যা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োমেডিকেল ইন্টেলিজেন্স ও টেকসই উদীয়মান প্রযুক্তি আগামী দিনের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও উদ্ভাবনী চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এনামউল্যা বলেন, হাবিপ্রবি একটি গবেষণামুখী বিশ্ববিদ্যালয় হিসেবে আন্তর্জাতিক মানের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে এবং ইতিমধ্যে বিভিন্ন ক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। ড. মো. এনামউল্যা আশা প্রকাশ করেন, এই কংগ্রেসের মাধ্যমে অর্জিত জ্ঞান ও গবেষণালব্ধ ফলাফল স্বাস্থ্যসেবা, কৃষি, শিক্ষা, শিল্প এবং টেকসই উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও প্রযুক্তিবিদেরা সরাসরি অংশগ্রহণ করেন। সন্ধ্যা ৭টা থেকে সম্মেলনের দ্বিতীয় পর্ব অনলাইনে অনুষ্ঠিত হয়।
এই পর্বে বাংলাদেশসহ বিশ্বের পাঁচটি দেশের (বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, জার্মানি, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া) শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষকেরা ভার্চুয়ালি যুক্ত হয়ে সমসাময়িক প্রযুক্তির ওপর তাঁদের কিনোট (Keynote) বক্তব্য উপস্থাপন করেন।
তাঁরা হলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান, মালয়েশিয়ার মাল্টিমিডিয়া ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. মো. জাকির হোসেন, যুক্তরাষ্ট্রের কলোরাডো স্টেট ইউনিভার্সিটির গবেষণা সহযোগী ড. মো. আল আমিন, দক্ষিণ কোরিয়ার কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (কেইএআইএসটি) গবেষক ড. ইরফান উল্লাহ এবং জার্মানির পাডারবর্ন ইউনিভার্সিটির গবেষণা সহযোগী ও পিএইচডি গবেষক উমাইর কুদুস।