সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় পরলোকগমন করেছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে দিনাজপুরের বিরল উপজেলার ৯ নম্বর মঙ্গলপুর ইউনিয়নের মোস্তফাবাদ গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যের কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তাঁর জ্যেষ্ঠ ছেলে অরবিন্দু রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার সকাল ১০টায় পারিবারিক শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
সতীশ চন্দ্র রায় ১৯৭৯ সালের জাতীয় সংসদের দ্বিতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন দিনাজপুর-৭ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৮৬ সালের তৃতীয়, ১৯৯১ সালের পঞ্চম এবং ১৯৯৬ সালের ১২ জুন অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দিনাজপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
তিনি প্রথমে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং পরে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
রাজনীতিতে আসার আগে সতীশ চন্দ্র রায় বিরল উপজেলার মোহনা মঙ্গলপুর উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা করতেন।