হোম > সারা দেশ > দিনাজপুর

সড়কে গাছ ফেলে ডাকাতি, ৪ গাড়িতে ভাঙচুর-লুটপাট

 নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জে রাতে সড়কে গাছ ফেলে একাধিক যানবাহনের গতি থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

দিনাজপুরের নবাবগঞ্জে রাতে সড়কে গাছ ফেলে একাধিক যানবাহনের গতি থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় সুন্দরবন কুরিয়ার সার্ভিসসহ চারটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নূর মোহাম্মদ নামের একজনকে আটক করেছে পুলিশ।

গতকাল রোববার (১১ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ভাদুরিয়া-দাউদপুর সড়কের জামালপুর এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানের চালক মো. আরাফাত জানান, গভীর রাতে তাঁরা জামালপুর এলাকায় পৌঁছালে ১৫-১৬ জনের একটি ডাকাত দল সড়কে গাছ ফেলে তাঁদের পথরোধ করে। পরে গাড়িতে ভাঙচুর চালায় এবং পার্সেলের কার্টন ও মালামাল লুট করে নেয়। একই সঙ্গে ডাকাতেরা চালকের মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।

একই সময়ে ডাকাত দলের কবলে পড়ে একটি প্রাইভেট কার, একটি সবজিবাহী পিকআপ ও একটি মুরগিবাহী পিকআপ। ডাকাত দল ওই সব যানবাহনেও তাণ্ডব চালিয়ে ভাঙচুর ও মালামাল লুট করে বলে ভুক্তভোগীরা জানান। তবে এ ঘটনায় মোট ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ডাকাতির পর খবর পেয়ে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, ঘটনার তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদের জন্য হরিনাথপুর এলাকা থেকে নূর মোহাম্মদ নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।