দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মাইদুল ইসলাম (৩৬) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ রোববার সকাল সোয়া ৮টার দিকে পৌর শহরের তেতুলিয়া এলাকায় ফুলবাড়ী-রংপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়।
নিহত মাইদুল ইসলাম লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ গোপাল রায় গ্রামের ইসাহাক আলীর ছেলে। তিনি এসিআই ফার্মাসিউটিক্যালস কোম্পানির ফিল্ড মার্কেটিং অফিসার হিসেবে নওগাঁর ধামুরহাট উপজেলায় কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে সকালে নিজ বাড়ি কালীগঞ্জ থেকে মোটরসাইকেলে কর্মস্থলের উদ্দেশে রওনা হন মাইদুল। পথে ফুলবাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তেতুলিয়া এলাকায় পৌঁছালে তাঁর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা রংপুরগামী একটি অজ্ঞাতনামা ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।