হোম > সারা দেশ > দিনাজপুর

খানসামায় ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগে ২ জন আটক

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি 

দিনাজপুরের খানসামায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

দিনাজপুরের খানসামায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ওয়াকিটকি, মোবাইল ফোন, ব্যাংকের চেক, এটিএম কার্ড, মোটরসাইকেলসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে।

আজ রোববার দুপুরে আটক দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটকরা হলেন ঠাকুরগাঁও সদর থানার গোয়ালপাড়া পূর্ব (শান্তিনগর) এলাকার মো. নুরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম সরকার (৪৮) এবং একই থানার বাংরোট এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে মানিক হোসেন (৪৬)।

থানা-পুলিশ জানায়, গতকাল শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া এলাকার চেয়ারম্যানপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে দুজনকে আটক করা হয়। অভিযানকালে তাঁদের কাছ থেকে দুটি ওয়াকিটকি, একটি অ্যান্ড্রয়েড ফোন ও দুটি বাটন ফোন উদ্ধার করা হয়। এছাড়া ৩০ হাজার টাকা উল্লেখ ও স্বাক্ষর করা একটি ব্যাংক চেক এবং দুটি এটিএম কার্ড, নিবন্ধনবিহীন একটি পালসার মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাছেত সরকার বলেন, ‘এই অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’